শহরের সেই বেহালার মাস্টার

জেরেমির কথা মনে পড়ে? সেই বেহালার মাস্টার, অপঘাতে মারা যাওয়ার পর নিয়মিত মাঝরাতে যাঁর ঘর থেকে বেহালার সুর শোনা যেত! ঢাকার এক বেহালার মাস্টারের সঙ্গে দেখা করতে গিয়ে কেন যেন অঞ্জন দত্তের জেরেমিকে মনে পড়ে গেল। শুনেছি, ঢাকার এই শিল্পীও কলকাতায় পড়েছেন, বাজাতে শিখেছেন। গত এক দশক হলো শেখাচ্ছেন। শোনা যায়, লুকিয়ে থাকতে স্বস্তি বোধ করেন তিনি। সে জন্যই কৌতূহল। কেন?
নাম তাঁর ফিলিপ হাজরা। শহরের সেই বেহালার মাস্টার। সংগীতপ্রেমী বা সংগীতাঙ্গনের বেশির ভাগ মানুষই চেনেন না তাঁকে। অন্য দিনগুলোর মতো গেল শনিবার বিকেলেও ছিলেন বেহালার ক্লাসে। আলিয়ঁস ফ্রঁসেজের আবাসিক শিক্ষক তিনি। আলিয়ঁসের উঠানে আড্ডায় বসে যখন জানতে চাই, কেন লুকিয়ে থাকেন? তিনি সেটাকে অপপ্রচার বলে উড়িয়ে দেন। তাহলে কেন তাঁকে কোনো সংগীত উৎসবের মঞ্চ, টেলিভিশন বা পত্রিকায় দেখা যায় না, সেটা জানতে চেষ্টা করি। লাভ হয় না। তবে কথায় কথায় ‘কেন’-এর অঙ্কটা মিলতে শুরু করে।
আলিয়ঁস ফ্রঁসেজের জনসংযোগ কর্মকর্তা মামুনুর রশীদ, প্রথম আলোর আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীতের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের দৃষ্টি তখন ফিলিপের দিকে। মুচকি হাসি স্থির রেখে তিনি কথা বলে যাচ্ছিলেন ছোট ছোট বাক্যে। ঠিক আগের সন্ধ্যায় লা গ্যালারিতে ছিল তাঁর এবং রাশিয়ার পিয়ানোবাদক ইউলিয়া ইভদোকিমোভার কনসার্ট। এত দর্শক এসেছিলেন যে এক শো দুবার করতে হয়েছে। পরেরবারও অনেকের জায়গা হয়নি। সেই অনুষ্ঠান উপভোগ করতেই রাজশাহী থেকে ছুটে এসেছিলেন পিয়ানোর শিক্ষার্থী জান্নাতুল।
ফিলিপ হাজরা বেহালা শেখান, তবে তিনি মূলত একজন চেলিস্ট। তাঁর ধারণা, বাংলাদেশের মানুষ ‘চেলো’ চেনে না। কথাটি ভুল নয়, অনেকে একে বড় বেহালা বলে চালিয়ে দেন। আকারে বিশাল একটি বেহালার মতোই। চেয়ারে বসে যন্ত্রটিকে দাঁড় করিয়ে ছড় দিয়ে বাজাতে হয়। সামনে স্টাফ নোটে মেলে রাখা থাকে সুরের ভাষা। মাত্র সাত বছর বয়সে চেলো শিখতে শুরু করেন ফিলিপ। কলকাতার যে বোর্ডিং স্কুলে তিনি পড়তেন, সেখানে একটি বাদ্যযন্ত্র শেখা ছিল বাধ্যতামূলক। বলা যায়, একরকম বাধ্য হয়ে তাঁর শেখার শুরু। তবে চেলো শেখান না। কে এই যন্ত্র বয়ে নিয়ে গুরুর কাছে আসবে? কিনতেও পাওয়া যায় না সহজে। ‘মানুষের কণ্ঠস্বরের সঙ্গে চেলোর সম্বন্ধ ভালো হয়। শুনতে ভালো লাগে। কিন্তু বাংলাদেশে এই যন্ত্রের ব্যবহার খুব একটা নেই।’ আবার নির্লিপ্ত স্বরে বলেন ফিলিপ। একবার একটি গানের দলের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন তিনি। তাঁদের পদ্ধতিটা হচ্ছে সহসাই বাজাতে শুরু করা। ‘খ্যাপ’। সেটা ফিলিপের ধাতে নেই, তিনি নিয়মমাফিক স্টাফ নোট দেখে বাজানোয় অভ্যস্ত। ফল হলো এই, ব্যান্ডের সঙ্গে কাজ করা হলো না তাঁর। এরপর বাংলাদেশের একটি সিনেমার জন্য একবার চেলো বাজিয়েছিলেন। পরে পর্দায় গিয়ে দেখলেন, বেহালা বাজছে। এই কথার পর বুঝতে বাকি থাকে না, সঙ্গ ছেড়ে কেন তিনি ক্লাসরুমে ঢুকেছেন।
এরই মধ্যে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের তত্ত্বাবধানে আমাদের জাতীয় সংগীতের স্টাফ নোট লিখেছেন তিনি। তাঁর লেখা নোটে পৃথিবীর সবখানে বাংলাদেশের জাতীয় সংগীত বাজবে হয়তো শিগগিরই। সন্জীদা আপা তাঁর বাজানো পছন্দ করেছেন বলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। শুধু তা-ই নয়, লন্ডনের দ্য অ্যাসোসিয়েটেড বোর্ড অব দ্য রয়্যাল স্কুল অব মিউজিক থেকে ডিপ্লোমা করার সময়ে বিশ্বের নামকরা সব যন্ত্রসংগীত শিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন ফিলিপ। কম্পোজার জন কোপার, বেহালাবাদক জন রেইদ তাঁদের অন্যতম।