শহিদ কবিরের ক্যানভাসে বাস্তবের চেনা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গতকাল প্রদর্শনীর উদ্বোধনের পর শিল্পী শহিদ কবির অতিথিদের তাঁর ছবি সম্পর্কে বলছেন । ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে গতকাল প্রদর্শনীর উদ্বোধনের পর শিল্পী শহিদ কবির অতিথিদের তাঁর ছবি সম্পর্কে বলছেন । ছবি: প্রথম আলো

দেশের বাস্তবধারার চিত্রকলার অন্যতম প্রধান শিল্পী শহিদ কবিরের চতুর্দশ একক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল বুধবার শুরু হলো ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে ‘তোমার পরে ঠেকাই মাথা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শিল্পী শহিদ কবির তাঁর শিল্প ভাবনা দর্শকদের কাছে তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
আলোচকেরা বলেন, আমাদের দেশের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সব রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে মহান ভূমিকা রেখে চলেছেন। শিল্পী শহিদ কবিরও ছাত্রজীবন থেকে শিল্পচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনে নানাভাবে ভূমিকা রেখেছেন। তিনি সমাজের প্রান্তিক মানুষের দুঃখ-দারিদ্র্যের নিপীড়ন, নানা অসংগতি তাঁকে ব্যথিত, ক্ষুব্ধ করে তোলো। সেই ক্ষোভ ও বেদনা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধ তিনি তাঁর কাজে তুলে ধরেছেন। ফলে আশপাশের চেনা দৃশ্য, ঘটনা তাঁর শিল্পকর্মে উঠে এসেছে। তাঁর জীবনাদর্শ প্রতিফলিত হয়েছে তাঁর কাজে।
এই প্রদর্শনীতে মিশ্রমাধ্যম, জল রং ও ছাপচিত্রের কাজ আছে ৫৩টি। শিল্পী তাঁর এবারের প্রদর্শনীতে বৃক্ষ নিধন, ভূ-প্রাকৃতিক দৃশ্য, প্রান্তিক মানুষের মুখাকৃতি এসবকেই প্রাধান্য দিয়েছেন। ছবির উপরিতল সৃষ্টিতে রুক্ষতা ও রঙের ব্যবহারে নতুন মাত্রার সঞ্চার করেছেন তিনি এই সাম্প্রতিক কাজগুলোতে। প্রদর্শনী চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।