শহিদ-প্রিয়াংকাকে হটিয়ে ইমরান-আনুশকা জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের তৈরি কফির বিজ্ঞাপনচিত্র থেকে বাদ পড়লেন বলিউডের সাবেক প্রেমিক যুগল শহিদ কাপুর ও প্রিয়াংকা চোপড়া। তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন ইমরান খান এবং আনুশকা শর্মা। একটা সময়ে প্রিয়াংকার সঙ্গে শহিদের প্রেমের খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। সেসময় একটি কফি ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পেয়েছিলেন তাঁরা। এর বিজ্ঞাপনচিত্রেও জুটি হিসেবে তুলে ধরা হয়েছিল তাঁদের।কিন্তু শহিদ-প্রিয়াংকার প্রেমের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এদিকে, সম্প্রতি তাঁদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা নবায়ন না করে বিজ্ঞাপনচিত্রের নতুন মুখ নির্বাচিত করা হয়েছে ইমরান ও আনুশকাকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মিড-ডে’ জানিয়েছে, শহিদ-প্রিয়াংকার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিকে মাথায় রেখেই কফি ব্র্যান্ডটির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে নেওয়া হয়েছিল তাঁদেরকে। কিন্তু তাঁদের সম্পর্ক টেকেনি। মূলত এ কারণেই তাঁদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি। সূত্রটি আরও জানিয়েছে, অনেক চিন্তা-ভাবনার পর শহিদ-প্রিয়াংকার পরিবর্তে ইমরান ও আনুশকাকে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যেই নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন ইমরান-আনুশকা। এর আগে গত বছর একটি সাময়িকীর প্রচ্ছদে দেখা গিয়েছিল তাঁদেরকে। এছাড়া, বলিউডের একটি ছবিতেও জুটি বেঁধে অভিনয় করেছেন ইমরান-আনুশকা। গত জানুয়ারি মাসে মুক্তি পাওয়া বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘মাতরু কি বিজলি কা মানডোলা’ ছবিতে মাতরু চরিত্রে ইমরান ও বিজলি চরিত্রে অভিনয় করেছেন আনুশকা।