শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন দুই গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যজন আলী যাকেরের হাতে শহীদ আলতাফ মাহমুদ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছবি: প্রথম আলো
নাট্যজন আলী যাকেরের হাতে শহীদ আলতাফ মাহমুদ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছবি: প্রথম আলো

নাট্যজন আলী যাকেরের জন্য এই মাসটি সম্মানের। একই মাসে দেশের দুজন গুণী মানুষের নামাঙ্কিত পদকে ভূষিত হলেন তিনি। কিছুদিন আগেই পেলেন সেলিম আল দীন পদক। আর গতকাল বুধবার পেলেন শহীদ আলতাফ মাহমুদ পদক। পদক পেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকও।

কাছাকাছি সময়ে এমন দুটি সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না আলী যাকের। অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘একই মাসে দুটো পদক দিয়ে আমাকে ঋণী করে ফেললেন ঢাকা থিয়েটারের আয়োজকেরা। নাসির উদ্দীন ইউসুফের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। আজকে (গতকাল) একটি বিশেষ দিন। এমন একটি মানুষের নামে এ পদকটি, যাঁর প্রতিকৃতির প্রতি অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি। এমন নির্মোহ, এমন আপসহীন, এমন সাহসী এবং এমন সৃজনশীল একজন ব্যক্তি বাংলাদেশে বোধ হয় কম জন্মেছেন।’

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন হয় গতকাল সন্ধ্যায়। শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’ প্রতিবছরই এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০০৫ সাল থেকে গঠিত হওয়া সংগঠনটি এ পর্যন্ত ১৭ জন গুণী ব্যক্তিতে দিয়েছে সম্মাননা।

পদক পেয়ে অনুভূতি জানাচ্ছেন মফিদুল হক। ছবি: প্রথম আলো
পদক পেয়ে অনুভূতি জানাচ্ছেন মফিদুল হক। ছবি: প্রথম আলো

অনুভূতি জানিয়ে মফিদুল হক বলেন, ‘আজকে আমার জন্য একটা অসাধারণ মুহূর্ত রচিত হলো। নেপথ্যকর্মী হিসেবেই আমার জীবনটা চালানোর চেষ্টা করেছি। কিন্তু জীবন নানাভাবে, নানা সম্পদে আমাকে সমৃদ্ধ করেছে। আজকে আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাওয়া তারই একটা চরম পরাকাষ্ঠা। এটা আমার জীবনের একটি বিশাল পাওয়া হলো।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বললেন, অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক যেভাবে শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান নিয়ে বলছিলেন, তাতে কারও পক্ষেই চোখের পানি সংবরণ করা সম্ভব ছিল না। আজ তাঁর নামে যাঁদের পদক দেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মানুষ। প্রত্যেককে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দেবে যে যথাযথভাবেই এই ফাউন্ডেশন দেশের গুণী ব্যক্তিদের নির্বাচিত করেছে।

আলী যাকেরকে নিয়ে প্রশংসাভাষ্য পাঠ করেন নাসরিন নাহার। উত্তরীয় পরিয়ে দেন শহীদজায়া সারা আরা মাহমুদ, ফুলেল শুভেচ্ছা জানান শিমূল ইউসুফ, সম্মানী তুলে দেন নাসির উদ্দীন ইউসুফ। লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের প্রশংসাভাষ্য পাঠ করেন সংগীতা ইমাম। উত্তরীয় পরিয়ে দেন সারা আরা মাহমুদ এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অভ্যাগত চারজন মুক্তিযোদ্ধা।

পদক দেওয়া শেষে দেখানো হয় একটি প্রামাণ্যচিত্রের কিছু অংশ। আবদুল গাফ্‌ফার চৌধুরীর ওপর নির্মিত নাসির উদ্দীন ইউসুফের এ ছবিতে আলতাফ মাহমুদকে নিয়ে বলা অংশটুকু দেখানো হয়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং গান গেয়ে শোনান ফারহিন খান জয়িতা।