একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’সহ বহু গানের অমর সুরস্রষ্টা ছিলেন সংগীতজ্ঞ আলতাফ মাহমুদ। গতকাল ৩০ আগস্ট ছিল মহান মুক্তিযুদ্ধে শহীদ সুরকার আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে তাঁকে পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়েছিল তাঁর বাড়ি থেকে। তারপর আর ফিরে আসেননি তিনি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস উপলক্ষে স্মরণ ও পদক প্রদান অনুষ্ঠান হলো মুক্তিযুদ্ধ জাদুঘরে। সন্ধ্যায় জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে শীহদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।অনুষ্ঠানের শুরুতেই আলতাফ মাহমুদের স্মৃতিচারণা করে সূচনা বক্তব্য দেন সংগীত ও নাট্যশিল্পী শিমূল ইউসুফ। আলতাফ মাহমুদের জীবনী পাঠ করেন তাঁর মেয়ে শাওন মাহমুদ। আলোচনায় অংশ নেন নাসির উদ্দীন ইউসুফ, আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ ও প্রবন্ধিক মফিদুল হক। এবার আলতাফ মাহমুদ পদক প্রদান করা হয় অধ্যাপক রফিকুল ইসলাম ও চলচ্চিত্র অভিনেতা রাজ্জাককে। তবে রাজ্জাক অনুষ্ঠানে অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। অধ্যাপক রফিকুল ইসলামের হাতে পদক তুলে দেন মফিদুল হক।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, আবৃত্তি করেন ঝর্না সরকার, সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।রংপুরে ভাওয়াইয়া উৎসব শুরু নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় রংপুর বিভাগের আট জেলার ভাওয়াইয়াশিল্পীদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।গতকাল বিকেল পাঁচটায় গণগ্রন্থাগার মাঠে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বাংলালিংকের বাণিজ্যিক বিভাগের আঞ্চলিক প্রধান মিজান মারুফ। উদ্বোধনী দিনে অতিথি শিল্পী হিসেবে ঢাকা থেকে এসেছিলেন মলয় কুমার গাঙ্গুলী ও অনীমা মুক্তি গোমেজ। এ ছাড়া নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ভাওয়াইয়াশিল্পীরা ভাওয়াইয়া গান পরিবেশন করেন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বিকেল চারটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসব শুরু হবে। এ দুই দিনে অতিথি হিসেবে সংগীত পরিবেশন করবেন বাউলশিল্পী দিল বাহার খান, লোকসংগীতশিল্পী আবু বক্কর সিদ্দিক।দুই বাংলার ছয় লেখককে সুরমা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদানকলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বাংলার ছয় সাহিত্যিককে ‘সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়েছে। তাঁরা হলেন: বাংলাদেশের প্রয়াত লেখক আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন ও ইমদাদুল হক মিলন এবং পশ্চিমবঙ্গের প্রফুল্ল রায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার।কলকাতার কলামন্দিরে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে একটি স্বর্ণপদক, মানপত্র এবং ১০ লাখ টাকার নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী। উপস্থিত ছিলেন আইআইপিএমের মালিক মলয় চৌধুরী।‘দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ বা আইআইপিএম দুই বাংলায় শিল্প-সাহিত্যে অবদানের জন্য দুই বছর ধরে ‘সুরমা স্মৃতি আন্তর্জাতিক পুরস্কার’ দিচ্ছে। সুরমা চৌধুরী এই প্রতিষ্ঠানের কর্ণধার মলয় চৌধুরীর মা।