শহীদ-প্রিয়াঙ্কা আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও সরিয়ে দেয়’—শহীদ কাপুর-প্রিয়াঙ্কা চোপড়ার অবস্থাও বুঝি সে রকম। গভীর জলের, থুক্কু, গভীর প্রেমের এই দুই সওয়ারি কখন যে কাছে আসেন, কখন আবার দূরে চলে যান—বোঝা দায়। সর্বশেষ খবর—শহীদ-প্রিয়াঙ্কা ফিরেছেন। আবারও তাঁরা প্রেমের নৌকায় পা রেখেছেন। কুনাল কোহলির নতুন ছবিতেরি মেরি কাহানি ছবিতে এই জুটি আবার একসঙ্গে অভিনয় করেছেন। তিন বছর পর মুক্তি পেল এই জুটির ছবি। প্রথম কামিনে ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। সে ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের ব্যাপ্তি ছিল সাকল্যে ১০ মিনিট! অবশ্য পত্রপত্রিকায় টক-ঝাল-মিষ্টি খবরের বদৌলতে প্রিয়াঙ্কা-শহীদ জুটি সেই ১০ মিনিটেই মাত করে দিয়েছিলেন। প্রেমের ছবিতে অভিনয়ের খায়েশ ছিল দুজনেরই। সেই আশা পূর্ণ করলেন হাম তুম, ফানার পরিচালক কুনাল। ১৯১০, ১৯৬০, ২০১২—তিনটি সময়কে ধরে এই কপোত-কপোতীকে তিনি দিলেন তিনটি চরিত্র, একটি ছবিতে। ছবির নাম তেরি মেরি কাহানি। এ সপ্তাহে এই আলোচিত ছবিটি মুক্তির পর সমালোচকেরা বাহবা দিয়েছেন দুজনের অভিনয়ের। আর এতেই খুশি ওঁরা। হাতে হাত ধরে বিভিন্ন পার্টিতে হাজির হয়ে শহীদ-প্রিয়াঙ্কা যেন জানান দিতে চাইছেন—মোরা দুই হংস-মিথুন!স্বাভাবিকভাবেই পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, শহীদ-প্রিয়াঙ্কা আবারও ‘আইটেম’! কিন্তু আসলেই কী? এ প্রসঙ্গে শহীদের বন্ধু বিশাল মালহোত্রা বলেন, প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকতেই পারে। সাশা (শহীদ) ও পিসি (প্রিয়াঙ্কা) সম্পূর্ণ বিপরীত মেরুর দুজন মানুষ। তবে আশার কথা, দুজন দুজনার সীমাবদ্ধতা গ্রহণ করে আবার এক হয়েছেন। গত রোববার বিখ্যাত ইভেন্ট ব্যবস্থাপক করিম মোরানির ৫০তম জন্মবার্ষিকীতে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাও অবশ্য বিশালের মতো একই সুরে কথা বলছেন। অনুষ্ঠানে শহীদ-প্রিয়াঙ্কা এসেছিলেন আলাদা। তবে পুরো অনুষ্ঠানের আবহে নিশ্চিত বোঝা গেছে, তাঁরা দুজনে দুজনার। রাতের খাবার থেকে ডিজে ফ্লোর—সবখানেই ভালোবাসার রংধনু ছড়িয়েছেন দুজন। তাঁদের ভালোবাসার উত্তাপ ভালোভাবেই গ্রহণ করেছিলেন পার্টিতে উপস্থিত আরেক জুটি সাইফ আলী খান-কারিনা কাপুর। সামাজিকভাবে শহীদ ও তাঁর সাবেক প্রেমিকা কারিনার খুব একটা দেখা-সাক্ষাৎ হয় না। তবে এই অনুষ্ঠানের খাতিরে শহীদ-প্রিয়াঙ্কা সাইফ-কারিনাকে বিয়ের আগাম অভিনন্দন জানিয়েছেন। সাইফ-কারিনাও প্রত্যুত্তরে শহীদ-প্রিয়াঙ্কাকে জানিয়েছেন, তাঁদের মতো গর্জিয়াস জুটি আর হয় না! অনুষ্ঠান শেষে শহীদ প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে উঠেছেন। নিজে গাড়ি চালিয়েছেন। অবশেষে রাত দুইটায় তাঁদের পাওয়া গেছে ক্যাফে সিক্সটি সিক্সে। নিভু-নিভু মোমের আলোয় কফির পেয়ালায় তখন জমে গেছে প্রেম। এসব যদি সত্যি হয়, তাহলে শাহরুখ খান, নারগিস ফাকরির কী হবে? প্রিয়াঙ্কার সঙ্গে নাকি শাহরুখের ঐতিহাসিক প্রেম চলছে, যার কারণে ভাঙতে চলেছে শাহরুখের সাজানো-গোছানো সোনার সংসার! শহীদ কাপুরের জন্মদিনেও নাকি গোয়ায় ছুটে গিয়েছিলেন নারগিস? এই প্রসঙ্গে শহীদ বলেন, ‘নারগিসের সঙ্গে প্রেম তো দূরে থাক, সাধারণ বন্ধুত্বটুকুও নেই। নারগিস গোয়ায় গিয়েছিলেন ঠিকই, তবে নিজের বন্ধুদের সঙ্গে। স্বাভাবিকভাবেই আমি অভিনেতা, নারগিস অভিনেত্রী, খবর তো হতেই হবে!’ ওদিকে প্রিয়াঙ্কা বলেন, ‘শাহরুখ স্যারকে আমি বরাবরই শ্রদ্ধা করি। তাঁর সঙ্গে অন্য ধরনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে আর বিব্রত করবেন না।’ সেকি! কিছুদিন আগেও তো প্রিয়াঙ্কা শাহরুখ-শাহরুখ বলতে অজ্ঞান ছিলেন। এখন সরাসরি ‘শাহরুখ স্যার’? বলিউডের রঙ্গশালায় বুঝি সবই সম্ভব। ব্যক্তিগত সম্পর্ককে পাশ কাটিয়ে একটু কাজের ক্ষেত্রে আসা যাক। কেমন হয়েছে শহীদ-প্রিয়াঙ্কার রসায়ন, তেরি মেরি কাহানি ছবিতে? প্রিয়াঙ্কার অনুরোধ, ‘এই প্রশ্নের উত্তর দর্শকদের দেওয়ার অনুরোধ করছি। শুধু এটুকু বলতে পারি, আমার অভিনয়জীবনে শহীদের সঙ্গে কাজ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওঁকে আপনি যেকোনো চরিত্র দিন, ও তার সেরা কাজটি করে বেরিয়ে আসবে।’ শহীদও প্রিয়াঙ্কার গুণকীর্তন করতে ভোলেননি। তাঁর মতে, ‘প্রিয়াঙ্কা এ সময়ের শ্রেষ্ঠ অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়াটাই সম্মানজনক ব্যাপার।’ শোনা যায়, তেরি মেরি কাহানি ছবিতে কাজ করার আগে এই জুটির এক দফা ব্রেক আপ হয়েছিল। তার পরও এই রসায়ন! শহীদ কি কখনো কারিনার বিপরীতেও কাজ করতে পারবেন? ‘কেন নয়?’ শহীদের উত্তর, ‘আমি আমার শত্রুর সঙ্গেও রসায়ন বের করে আনতে চাই। সেখানে কারিনা তো আমার সাবেক প্রেমিকা। তবে কারিনা বোধহয় আমার সঙ্গে কাজ করতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এ নিয়ে আমার খেদ নেই।’ থাকার কথাও না। শহীদ যে এখন প্রিয়াঙ্কা রাজ্যে ডুবে আছেন!  রুম্মান রশীদ খানরিয়েল বলিউড, বলিস্পাইস, ফিল্মিক্যাফে, বলিউড হাঙ্গামা, বিজনেস অব সিনেমা অবলম্বনে