শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজন
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। চ্যানেল আইতে থাকছে টেলিছবি রেবেকা। একুশে টিভিতে তিনটি অনুষ্ঠান দেখানো হবে। বিকেলে প্রতিকৃতি ও স্মৃতি অম্লান এবং রাতে আমি বীরাঙ্গনা বলছি। এনটিভির তথ্যচিত্র নীরব কান্নায় শহীদ বুদ্ধিজীবী ও তাঁদের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই তালিকায় আছেন অধ্যাপক মুনীর চৌধুরী, শহীদ শহীদুল্লা কায়সার, আ ন ম গোলাম মোস্তফা, আলতাফ মাহমুদ। দেশ টিভিতে দেখানো হবে জহির রায়হান পরিচালিত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। থাকছে আরও দুটি প্রামাণ্যচিত্র—আলবদর এবং মুনীর চৌধুরী ও কবর। প্রথমটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান আর দ্বিতীয়টি আকতারুল ইসলাম জিন্নাহ। থাকছে আবৃত্তির অনুষ্ঠান স্বাধীনতা তুমি। বৈশাখী টেলিভিশনে জাগ্রত অহংকার অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত শহীদ বুদ্ধিজীবীর কবর’। রাতে সাতকাহন অনুষ্ঠানের বিষয় ‘মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যা’। উপস্থাপনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী।