শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিটিভিতে অনুষ্ঠান
১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি ও অবদানকে তুলে ধরে আজ থেকে বিটিভিতে দেখানো হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘স্মরণে প্রতিদিন হে বন্ধু হে প্রিয়’।অনুষ্ঠানটির পরিচালক সুশান্ত শুভ জানান, আজ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে আটটায় এটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিটিভির কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে শহীদ বুদ্ধিজীবীদের জীবন, কর্ম, রচনা ও অবদান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আজকের পর্বে থাকছে দানবীর রনদা প্রসাদ সাহার (আর পি সাহা) কথা। এরপর পর্যায়ক্রমে দেখানো হবে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, ডা. ফজলে রাব্বি, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক রাশিদুল হাসান, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, অধ্যাপক মুনীর চৌধুরী, ড. গোবিন্দচন্দ্র দেব (জি সি দেব), ডা. আলীম চৌধুরী, শহিদুল্লাহ কায়সার ও জহির রায়হানকে নিয়ে পর্ব।