শহীদ মিনার মুখর একুশের অনুষ্ঠানে
বিকেল থেকেই এখন প্রতিদিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বহুলোকের সমাগমে প্রাণবন্ত পরিবেশ। মহান ভাষা আন্দোলনের স্মৃতিজড়িত ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে এখানে। এখন চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশের অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার বিকেলের অনুষ্ঠান শুরু হয়েছিল শিশু-কিশোর সংগঠনের বৃন্দ আবৃত্তি দিয়ে। তারা হানিফ খানের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশন করে ‘লাল টুক টুক বর্ণমালায় লাল-সবুজের স্বাধীনতা।’ এরপর গানের পালা। শেখ আলাউল পরিবেশন করেন ‘রাষ্ট্র ভাষা আন্দোলন করলি রে বাঙালি।’ আরিফ রহমান গেয়ে শোনান ‘ওরা আমায় মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাংস্কৃতিক সংগঠন আনন্দম পরিবেশন করে ‘একুশ আমার চেতনার রঙে ভরা’ ও ‘আমি বাংলার গান গাই।’ মীর মাসরুর জামানের গ্রন্থনা ও জাফরুল্লাহর নির্দেশনায় ‘স্বপ্নের উদ্যান’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্বরশ্রুতি। এনায়েত কাজলের গ্রন্থনা ও নির্দেশনায় কণ্ঠশীলন পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘বাংলাদেশের কথা’। এ ছাড়া ছিল দুটি পথনাটক। থিয়েটার (বেইলি রোড) খুরিশদ আলমের রচনা ও নির্দেশনায় পরিবেশন করে আমরা সবাই চোর। নাট্যরথ পরিবেশন করে হামিদুর রহমানের রচনা ও গাজী মাহবুব হাসানের নির্দেশনায় নাটক জ্বলো চিতাবাঘ।গ্রন্থমেলায় রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা ও গানশীতের শেষ বিকেলে বাংলা একাডেমীর সবুজ চত্বর এখন প্রতিদিন হয়ে উঠছে রবীন্দ্রময়। প্রতিদিন বিকবাল থেকে গ্রন্থমেলা মঞ্চে চলছে কবিগুরু সম্পর্কে নানামাাত্রিক আলোচনা। পরে তাঁর সৃষ্টিসম্ভার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার কবির দেড়শততম জন্মবার্ষিকী। সেউপলক্ষেই একাডেমী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলামঞ্চের সকল অনুষ্ঠান আয়োজন করেছে কবিকে নিয়ে। গতকাল মেলার দশম দিনে আলোচ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের গান: ললিতকলার অমৃত’। প্রবন্ধ উপস্থাপন করেন ড. নুরুল আনোয়ার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী এবং চট্টগ্রাম শিশুশিক্ষার প্রতিষ্ঠান ‘ফুলকি’র অধ্যক্ষ শীলা মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম।প্রবন্ধকার বলেন, ‘আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথের গান এক অনন্য সূক্ষ্মতা ও শ্রেষ্ঠতায় অধিষ্ঠিত। তাই রবীন্দ্রসংগীতের বিনষ্টি বাঙালির আত্মস্বরূপেরই মৃত্যু। রবীন্দ্রনাথের গানের সংহতি বিশ্লিষ্ট হলে বাঙালির ঐক্যে ভাঙন ধরবে। কেননা, রবীন্দ্রসংগীত বাঙালির দাঁড়ানোর পায়ের তলার মাটি। রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য ও সংগীত এ দেশের মানুষকে এমন এক জাতীয় চেতনায় উন্নীত করেছে, যার ফলে বাঙালি রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়েছে।আলোচকেরা বলেন, ‘সংগীত ছাড়া চিত্তের খোরাক হয় না, আত্মার উন্নতি হয় না, চেতনার প্রসার ঘটে না। রবীন্দ্রসংগীত আমাদের অমৃত ধন, বাঙালির অর্জন, বিশ্বসম্পদ। এর চর্চার মাধ্যমেই আমরা আমাদের বাঙালিসত্তা লালন করতে পারি। বাঙালিমানসকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি। তাই আমাদের উচিত রবীন্দ্রনাথের গানের চর্চা করা, হূদয়ে ধারণ করা।’ সভাপতি বলেন, রবীন্দ্রসংগীতের আবেদন নিজের অন্তরকে দেখার, নিজের মনকে গভীরভাবে অনুভব করার। এটা পারলে সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে ওঠা সম্ভব।সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বুলবুল ইসলাম, মহাদেব ঘোষ, নন্দিতা ইয়াসমিন, ছায়া রানী কর্মকার, অনুপম কুমার পাল প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘ও আমার দেশের মাটি’,‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘তোরা যে যা বলিস ভাই’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’, ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘না চাহিলে যারে পাওয়া যায়’, ‘ভালোবাসি ভালোবাসি’সহ বেশ কিছু গান।