শহীদ মিনারে চলছে পথনাটক উৎসব
‘নাটকের শক্তি অনেক।’ শহীদ মিনারের দিকে যেতে যেতে বলছিলেন এক তরুণ। তাঁর পাশে থাকা সঙ্গীকে বললেন, ‘দেখবে, আজ সন্ধ্যায় এখানে মানুষের ঢল নামবে।’ তাঁর ধারণা ভুল হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতে ভরে উঠল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিমূল, নাট্য-অনুরাগীদের উপস্থিতিতে। নাটকের শক্তিতে উজ্জীবিত পথশিশু আর চাকরিজীবীকে এক কাতারে বসে হাততালি দিতে দেখা গেল।এমনই উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার শুরু হয়েছে ঢাকা পথনাটক উৎসব। পথনাটকের বিকাশে চলতি অর্থবছরে বাংলাদেশ পথনাটক পরিষদ ৪৩ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সরকারি অনুদানের অর্থে প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। এই ধারাবাহিকতায় গতকাল পরিষদের আয়োজনে শুরু হয়েছে ঢাকা পথনাটক উৎসব। ‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগান নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। শুরুতে সমবেত গান করেন শিল্পীরা।বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংসদ আসাদুজ্জামান নূর, লিয়াকত আলী, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, ঝুনা চৌধুরী প্রমুখ। উদ্বোধনী দিনে গতকাল ঢাকা থিয়েটার জিয়ন্তকাল, সংলাপ গ্রুপ থিয়েটার নতুন প্রজন্ম, বহুবচন থিয়েটার আর ক্ষমা নাই, দ্যাশ বাঙলা থিয়েটার জোয়ার, নাট্যরথ জ্বলো চিতা বাঘ এবং পদাতিক নাট্য সংসদ পরিবেশন করে সাক্ষী নাটক।শিল্পকলায় ব্যালে নৃত্য কর্মশালাবিশ্ব নৃত্যধারার সঙ্গে বাংলাদেশের নৃত্যে শিল্পের মেলবন্ধন তৈরির প্রয়াসে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী নৃত্যকর্মশালা। কর্মশালাটি পরিচালনা করছেন অনিন্দিতা হক। একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার দুপুরে এই কর্মশালার উদ্বোধন করেন মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রশিক্ষণ বিভাগের কোর্স সমন্বয়কারী ফেরদৌসি আহমেদ, পরিচালক আফরোজা পারভীন ও জাকির হুসাইন।বুয়েটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসববাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনের ভেতর ও বাইরে তরুণ শিক্ষার্থীদের ভিড়। তাঁরা এসেছেন ১২টি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁদের সবাই চলচ্চিত্র অনুরাগী। এই অনুরাগ থেকে কেউ চলচ্চিত্র নির্মাণ করেন। কেউ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। কেউ কেউ নিছক দর্শক। তাঁরা একত্র হয়েছেন ‘আপন স্বপ্নে উড়ে চলো’ স্লোগান নিয়ে শুরু হওয়া আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব উপলক্ষে।বুয়েট চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব গতকাল বিকেলে উদ্বোধন করেন প্রধান অতিথি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য এম হাবিবুর রহমান।শিশুদের বইয়ে যত রংবিচিত্র রঙে আঁকা অর্ধশত ইলাস্ট্রেশন প্রদর্শিত হচ্ছে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের মূল মিলনায়তনে। প্রদর্শনীর শিরোনাম ‘চিল্ড্রেন্স বুক ইলাস্ট্রেশন ইন জার্মানি’। গতকাল বিকেলে এর উদ্বোধন করেন শিল্পী শিশির ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক জুডিথ মেয়ারশবেয়ারগার।প্রদর্শনীতে স্থান পেয়েছে সমসাময়িক ১৩ জন স্বনামধন্য শিল্পীর ইলাস্ট্রেশনের অনুলিপি। এসব ইলাস্ট্রেশন সংগ্রহ করেছেন জার্মানির শিশুদের বইয়ের একটি জাদুঘরে কর্মরত লিন্সমান ডেজে এবং মিউনিখের গ্যেটে ইনস্টিটিউটের বারবারা অনরাথ। ইলাস্ট্রেশনগুলোর মধ্যে আছে জলরঙের কাজ, কোলাজ ও ডিজিটাল নিরীক্ষা।রাজশাহীতে ‘এবং বিদ্যাসাগর’ নিজস্ব প্রতিবেদক রাজশাহী জানান, রাজশাহীতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আয়োজিত মেয়র নাট্যোৎসবে গতকাল মঙ্গলবার পঞ্চম দিনে ঢাকার আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর মঞ্চস্থ হয়েছে।মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান মিলনায়তনে মঞ্চস্থ এ নাটকে বিদ্যাসাগরের ভূমিকায় মামুনুর রশীদ নিজেই অভিনয় করেন।কক্সবাজারে সাংগ্রাং উৎসব শেষনিজস্ব প্রতিবেদক কক্সবাজার জানান, কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে আয়োজিত রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান সাংগ্রাং বা জলকেলি উৎসব গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে।শহরের রাখাইনপল্লি টেকপাড়া, বার্মিজ স্কুল, বড়বাজার, চালবাজার, বৌদ্ধ মন্দিরসহ জেলার টেকনাফ, চকরিয়া, হারবাং, চৌফলদণ্ডী, মহেশখালীসহ বিভিন্ন স্থানে ১৭ এপ্রিল থেকে এই জলকেলি উৎসব শুরু হয়েছে।