
বিকেল পাঁচটা। সোনালি থালার মতো সূর্যটা দেখা যাচ্ছিল শহীদ মিনারের ফাঁক দিয়ে। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে বাতাসটাও চমৎকার। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যাঁরা এসেছিলেন, তাঁরা মন দিয়ে পথনাটক দেখেছেন ঘণ্টা দুয়েক।
পথনাটকের কর্মসূচির একটি নিয়মিত ঠিকানা হয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার। এখন সেখানে চলছে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সাত দিনব্যাপী বাংলাদেশ পথনাট্যোৎসব। ১ মার্চ শুরু হওয়া এ উৎসবের গতকাল ছিল পঞ্চম দিন। এ দিন পাঁচটি দলের নাটকের সঙ্গে বাড়তি পাওনা ছিল পালাগান।
সূর্য ডোবার পর শুরু হয় নাটক পরিবেশনা। সিরাজগঞ্জের বিবর্তন নাট্যগোষ্ঠীর নাটক আমি কিংবদন্তির কথা বলছি মঞ্চস্থ হয়। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন কাজী শওকত। বাঙলা নাট্যদল পরিবেশন করে তুই চোর। লিখেছেন নাসির আহমেদ, নির্দেশনা দিয়েছেন আবিদ আহমেদ। মৈত্রী থিয়েটার পরিবেশন করে নাটক ঘাতক। এটি লিখেছেন আবদুল হালিম, নির্দেশনা দিয়েছেন নিয়াজ আহমেদ ও আসাদুজ্জামান আসাদ। রঙ্গপীঠ পরিবেশন করে খেয়াপাড়ের মাঝি। নাট্যকার সাজ্জাদ লিপন, নির্দেশনা দিয়েছেন গোলাম জিলানী। আবদুল্লাহ আল হারুনের লেখা ও জাহিদুর রহমানের নির্দেশনায় পরগাছা পরিবেশন করে লোকনাট্যদল (বনানী)। বিশেষ পরিবেশনা ছিল মহুয়া সুন্দরী পালা। পরিবেশন করে নেত্রকোনার দিলু বয়াতি ও তাঁর দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আক্তার-উজ-জামান ও কাজী আনিস। আজ উৎসবের ষষ্ঠ দিনে নাটক পরিবেশন করবে ভিশন থিয়েটার, নাট্যযোদ্ধা, থিয়েটার আর্ট ইউনিট, চৌকস নাট্যসম্প্রদায় (কুমিল্লা) ও দৃষ্টিপাত নাট্যদল। থাকছে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা দলের পরিবেশনা।