শহীদ মিনারে জমে উঠেছে পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর বইমেলার আমেজ ফুরাতে না-ফুরাতে একই এলাকায় দর্শক এখন ছুটছে শহীদ মিনার ঘিরে আরেক উৎসবে। শহীদ মিনারের পাদদেশে ১ মার্চ থেকে শুরু হওয়া পথনাট্যোৎসব দর্শক-নাট্যকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত মুখরিত হয়ে উঠছে শহীদ মিনার এলাকা। প্রতিদিনই ঢাকা ও ঢাকার বাইরের কম-বেশি ছয়টি করে নাটকের দল অংশ নিচ্ছে উৎসবে। সাত দিনের এ উৎসবে ঢাকাসহ ঢাকার বাইরের ৪৮টি নাটকের দল অংশ নিয়েছে। আজ উৎসবের চতুর্থ দিন। আজ মঞ্চস্থ হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের জনৈক মুক্তিযোদ্ধার সচিত্র প্রতিবেদন, নাট্যকুটিরের প্রতীক চাতক, থিয়েটার আরামবাগের বাহাস, উদীচীর গহনা, মঞ্চকথা নাট্যসম্প্রদায়ের কি গ্রাম কি শহর, ঢাকা ড্রামার রক্তচোষা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থিয়েটারের গলাচিপা। ‘হানো আঘাত, চূর্ণ করো মৌলবাদ’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদের সাত দিনের এ উৎসব শেষ হবে ৭ মার্চ। প্রথম দিন উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। আলোচনায় অংশ নেন গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও মান্নান হীরা। স্বাগত বক্তব্য দেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন উৎসব কমিটির আহ্বায়ক আহাম্মদ গিয়াস। এদিন উদ্বোধনী মঞ্চায়ন হয় সিলেটের নবশিখা নাট্যদলের জননী বীরাঙ্গনা নাটকটির। আর মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের খেঁকশিয়াল, সুবচন নাট্যসংসদের নরমেধ, সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের রসু খাঁ অথবা আমি এবং নাট্যদ্বীপের রাজাকারের কেচ্ছা।কথা হয় উৎসব কমিটির আহ্বায়ক আহাম্মদ গিয়াসের সঙ্গে। তিনি বলেন, উৎসব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের একাধিক দল অংশ নিয়েছে। এবারের উৎসব বেশ জমজমাট মনে হচ্ছে। তিনি আরও বলেন, ‘উৎসবে বেশির ভাগ নাটকই মুক্তিযুদ্ধভিক্তিক। একইভাবে যুদ্ধাপরাধীর বিচারকে এ উৎসবে প্রাধান্য দেওয়া হয়েছে। যেহেতু সরকার যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনছে, তাই আমার কাছে মনে হয়, এবারের নাটকে দর্শকের আগ্রহও অনেক বেশি।’