শহীদ মিনারে নাট্যকর্মী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যকর্মী সমাবেশ ও পথনাটকের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, নাট্যকার মামুনুর রশীদ, নারীনেত্রী আয়েশা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, মিলন কান্তি দে প্রমুখ। সমাবেশে বক্তারা গ্রেপ্তার হওয়া মৌলবাদীদের যুদ্ধাপরাধের আওতায় গ্রেপ্তার দেখানো এবং দ্রুত বিচার সম্পন্ন করে জাতিকে দায় ও কলঙ্কমুক্ত করার দাবি জানান।সমাবেশ শেষে পদাতিক নাট্য সংসদ ট্রাইব্যুনাল এবং আরণ্যক নাট্যদল আগুনের ডালপালা নামের দুটি পথনাটক পরিবেশন করে। মনিকার খোলো খোলো দ্বারআজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হবে শিল্পী মনিকা জাহান বসুর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘খোলো খোলো দ্বার’। ১১ দিনব্যাপী এই প্রদর্শনীর ২৮টি চিত্রকর্মের প্রতিটিতেই দেখা মিলবে বাংলা ভাষার কোনো অক্ষর, শব্দ কিংবা বাক্য। গতকাল আর্ট সেন্টারে এক প্রীতি সম্মিলনে শিল্পী তাঁর প্রদর্শনীর চিত্রকর্ম সম্পর্কে বলেন, ‘বাস্তব জীবনের অভিজ্ঞতার ছাপ রয়েছে চিত্রকর্মে। সমাজের ভালো-মন্দ—দুদিকই উপস্থাপন করা হয়েছে ছবির মধ্য দিয়ে। গ্রন্থের প্রকাশনা উৎসববিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্মানে ‘ফোকলোর ইন কনটেক্সট: এসেস ইন অনার অব শামসুজ্জামান খান’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। গ্রন্থটিতে দেশ-বিদেশের বরেণ্য লেখকদের নতুন রচনা সংকলিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। ফোকলোর চর্চাকেন্দ্র আয়োজিত এ উৎসবে স্বাগত বক্তব্য দেন ফিরোজ মাহমুদ। শুভেচ্ছা জানান ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ। আলোচনা করেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সোনিয়া নিশাত আমিন ও মফিদুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।আলোচকেরা বলেন, বাংলাদেশে আধুনিক ফোকলোর চর্চার ক্ষেত্রে শামসুজ্জামান খান একজন পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা একাডেমীতে গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগের পরিচালকের পদে থাকাকালে ফোকলোর যে একটি বহমান ধারা এই বিষয়টি বিবেচনায় রেখে আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফোকলোরকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। শামসুজ্জামান খান বলেন, ‘ফোকলোর একটি আধুনিক বিষয়। আমি আশা করি, বিশ্বের বরেণ্য ফোকলোরবিদদের গবেষণাকর্মের সঙ্গে আমাদের গবেষকদের কাজের মিথস্ক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আধুনিক ফোকলোর চর্চার নতুন দ্বার উন্মোচিত হবে।’সভাপতির ভাষণে আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের ফোকলোর চর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এবং সেই নির্মাণের কাজে যাঁরা পথিকৃৎ, শামসুজ্জামান খান তাঁদের মধ্যে প্রথম। গ্রন্থটির সম্পাদক ড. ফিরোজ মাহমুদ ও সহযোগী সম্পাদক শরণি জামান।ঐতিহ্যের বই উৎসবশাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরের উন্মুক্ত প্রাঙ্গণে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১০ বছর পূর্তিতে পক্ষকালব্যাপী এক ‘বই উৎসব’ চলছে। উৎসবে ঐতিহ্য পাঠক-ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে গত বুধবার থেকে শুরু হওয়া এই বই উৎসব পাঠকদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করেছে সাত শতাধিক বই। পাঠকেরা বিশেষ মূল্যে এসব বই সংগ্রহ করতে পারবেন এ উৎসব থেকে। এ ছাড়া রয়েছে বেশ কিছু চমৎকার প্যাকেজ। উৎসব ৩১ জুলাই পর্যন্ত চলবে।মিউজিক ফ্রম এন আননোন সোর্সগতকাল বিকেলে সদ্য প্রয়াত জার্মান শিল্পী সিগমার পোকের ৪০টি চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে। উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী, শিল্পী তৈয়বা বেগম লিপি ও ইনস্টিটিউটের পরিচালক অ্যাঞ্জেলা গ্রুনেট। ‘মিউজিক ফ্রম এন আননোন সোর্স’ শিরোনামের এ প্রদর্শনীতে সিগমার পোকের মূল ছবিগুলোই প্রদর্শিত হচ্ছে। এর আগে এই ছবিগুলো ভারত ও পাকিস্তানে প্রদর্শিত হয়। প্রদর্শনীর ছবি প্রসঙ্গে রফিকুন নবী বলেন, ‘বাংলাদেশে ইউরোপের একজন শিল্পীর ছবি প্রদর্শনী হওয়াটাই একটা বড় ব্যাপার। আর সিগমার ছিলেন জার্মানির সমকালীন শিল্পীদের মধ্যে অন্যতম। তাঁর ছবিতে মূলত গোয়াস টেকনিক ব্যবহার করা হয়েছে।’ ২ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী।