শহীদ মিনারে পথনাটক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে মুক্তিযুদ্ধভিত্তিক লাল-সবুজ চিত্রকর্মের প্রতিলিপিসংবলিত উৎসব ব্যানার শোভা পাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। ‘মুক্তিযুদ্ধের পতাকা হাতে/ চলেছি মোরা গণতন্ত্রের পথে’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার শুরু হওয়া ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০১১’ উপলক্ষে এ আয়োজন। বিকেলে বেলুন উড়িয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মান্নান হীরা।শুরুতে অতিথি ও আয়োজকেরা বেদিতে ফুল দিয়ে ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুস, ম. হামিদ, লিয়াকত আলী, আহমেদ গিয়াস প্রমুখ।আরণ্যক নাট্যদলের যুদ্ধাপরাধবিরোধী নাটক খেঁকশিয়াল পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নাটকের পালা। পর্যায়ক্রমে অংশ নেয় নাট্যদীপ, সুবচন নাট্য সংসদ, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ও ঝিনাইদহের নাট্যদল বনলতা নাট্য সংসদ। দ্য ডেইলি স্টার-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে শুরু হয়েছে ‘সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ শীর্ষক নাট্য উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে গতকাল বুধবার ১৫ দিনের এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।গতকাল উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক উজানে মৃত্যু। নির্দেশনা দিয়েছেন আতিকুল ইসলাম। আজ আবদুল মান্নান সৈয়দের যুক্তিহীন যুগ। নির্দেশনায় সুলতানা ইয়াসমীন। ১৫ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে। অন্যপ্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বইমেলাপ্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলায় যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি গতকাল ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে শুরু হচ্ছে একক বইমেলা। বিকেল চারটায় জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এ মেলা উদ্বোধন করবেন। ১২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী ছাড়াও বইমেলায় প্রচণ্ড ভিড়ের কারণে যাঁরা দেখে-শুনে বাছাই করে নিজের পছন্দের বইটি কিনতে পারেননি, তাঁদের বই কেনার সুযোগ করে দেওয়াও এ মেলার একটি উদ্দেশ্য।’ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এ মেলার বাইরেও এ বছরের মধ্যেই ছয়টি বিভাগীয় শহরে ও ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেলা আয়োজন করা হবে বলে জানান তিনি। মেলায় বৈচিত্র্য আনার লক্ষ্যে বেশ কয়েকটি পথনাটকও প্রদর্শন করা হবে। ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মাসুম রহমান, সিরাজুল কবির চৌধুরী ও আবদুল্লাহ নাসের উপস্থিত ছিলেন।ফেনীতে পথনাটক উৎসবনিজস্ব প্রতিবেদক, ফেনী জানিয়েছেন, ‘বিজয়ের পতাকা নিয়ে দৃপ্ত পায়ে চলবে স্বদেশ প্রগতির পথে’ শীর্ষক স্লোগান নিয়ে গত সোমবার রাতে ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পথনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম বিভাগের তিনটি জেলার চারটি নাট্য সংগঠন উৎসবে তাদের পথনাটক প্রদর্শন করে। উদ্বোধনী দিনে ফেনী থিয়েটারের নাটক একাত্তরের শকুন, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের নাট্যবিভাগের বিচার করবই, কুমিল্লার প্রতিবিম্ব থিয়েটারের ক্ষেপা পাগলার প্যাচাল এবং চট্টগ্রাম লোক থিয়েটারের একাত্তরের রাজকন্যা নাটক প্রদর্শিত হয়। নাট্যোৎসবের আগে শহীদ মিনার চত্বরে সুচরিত দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চন্দন রেজা, জাহিদ হোসেন, আবু তাহের প্রমুখ। রাশেদ মাযহারের পরিচালনায় উৎসবের উদ্বোধন করেন নারায়ণ নাগ।