
শহীদ মিনার চত্বরে বসে বাদাম খাচ্ছিলেন কয়েকজন। খেলা করছিল কয়েকটি পথশিশু। মিনারের পাঁচটি স্তম্ভ জীবিত হয়ে এসে বিস্ময় নিয়ে বলে উঠল, ‘এই স্বপ্ন নিয়েই কি বুকের রক্ত দিয়েছিলাম আমরা!’ শহীদ মিনারের সম্মান ভূলুণ্ঠিত হতে দেখে বেদনার্ত শোনাল তাদের কণ্ঠ। ভাষা আন্দোলন নিয়ে নাটক ৮ই ফাল্গুন-এর গল্প এটি। লিখেছেন ফয়সাল আহমেদ। মেডিকেলে ভর্তি অসুস্থ বোনকে দেখাশোনার ফাঁকে নাটক দেখতে এসেছিলেন মোহনগঞ্জের হিরন মিয়া। আরও বেশ কিছুসংখ্যক দর্শক তখন শহীদ মিনারের ওপর বসে এবং দাঁড়িয়ে নাটক উপভোগ করছিলেন। এর মধ্যে দুজন উঠে গেলেন এই বলে যে, ‘আরে! এ নাটক তো আগেও দেখেছি।’ কিন্তু একটু পরেই এই সমাবেশে এসে স্থান করে নিলেন আরও কয়েকজন। চলতে থাকল নাটক।
নাটক শেষে কথা হলো নাটকের কলাকুশলীদের সঙ্গে। ফয়সাল আহমেদ বললেন, ‘হরতাল-অবরোধ নিয়ে আমরা চিন্তিত। এর মধ্যে দলের সবাইকে নিয়ে নাটক করা খুব কষ্টের।’ এ রকম শঙ্কা ও চিন্তা নিয়ে এই উৎসবে যোগ দিতে পারেনি বেশ কিছু দল।
নাটক দেখতে এসেছিলেন এক জোড়া তরুণ-তরুণী। বাদাম খেতে খেতে নাটক দেখতে দেখতে তাঁরা বলছিলেন, ‘অন্য অনেক নাটকের ভিড়ে এ নাটকটি ব্যতিক্রমী। শহীদ মিনারের স্তম্ভগুলো মানুষের ভাষায় কথা বলছে।’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে গত ৩১ জানুয়ারি শুরু হয় এই পথনাট্যোৎসব ২০১৫। সেদিন বিকেলে এটি উদ্বোধন করেছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হয়ে চার থেকে পাঁচটি নাটক পরিবেশিত হচ্ছে এই উৎসবে। আগামীকাল বিকেল পর্যন্ত চলবে এই উৎসব।
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে গিয়ে দেখা গেল আরেকটি নাটকের দৃশ্য। পাকিস্তানি সেনাদের শাসাতে ঝাঁটা নিয়ে যখন মঞ্চে ঢুকল রক্তকরবী; দর্শকেরা হইহই করে তাকে সমর্থন জানাল। এ কে এ কবীরের রচনায় খেয়ালী নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ভাষা আন্দোলনের পটভূমিতে এ নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ১ ফেব্রুয়ারি বিকেলে এই সংস্কৃতি উৎসবেরও উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। ফেব্রুয়ারি মাসজুড়ে এই উৎসব চলবে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।