শহীদ মিনারের স্মরণসভা
‘তিনি বীর মুক্তিযোদ্ধা। ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উদ্যোক্তা। বাঙালি জাতির গর্ব। তিনি সব সময় বলতেন, “গুটিকয় রাজাকার বাদ দিলে এ দেশের সবাই মুক্তিযোদ্ধা। সুতরাং মুক্তিযোদ্ধাদের তালিকা করার কোনো দরকার নেই। তালিকা করতে হবে রাজাকারদের।” আমাদের দুর্ভাগ্য তিনি যুদ্ধাপরাধের বিচার দেখে যেতে পারলেন না।’মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের অধিনায়ক লে. কর্নেল কাজী নূরুজ্জামানের (বীর উত্তম) স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। উল্লেখ্য, কাজী নূরুজ্জামান ৬ মে ইন্তেকাল করেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ স্মরণসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংসদ রাশেদ খান মেনন, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন রামেন্দু মজুমদার, হায়দার আকবর খান রনো, প্রমুখ। স্মরণসভায় বক্তারা সরকারের প্রতি দ্রুত যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার আহ্বান জানান। তাঁরা বলেন, ‘আনুষ্ঠানিক স্মরণসভা নয়, দ্রুত যুদ্ধাপরাধের বিচার করে এই বীর মুক্তিযোদ্ধাকে প্রকৃত অর্থে স্মরণ করতে পারি, শ্রদ্ধা জানাতে পারি।’বক্তৃতাপর্বের আগে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রার্থনাসংগীত ‘তুমি নির্মল করো’ পরিবেশন করেন শারমিন সাথী ইসলাম।শিশু-কিশোর নাট্যোৎসবে ‘ডাকঘর’বালক অমলের অসুস্থতা ও তার বন্ধনমুক্ত স্বপ্নের জগতের আকাঙ্ক্ষা, রাজার চিঠির জন্যে প্রতীক্ষা এবং পরিশেষে রাজপ্রতিনিধি রাজকবিরাজের আগমনে কাঙ্ক্ষিত মুক্তি—রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের উপজীব্য।গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসবের চতুর্থ দিনে এটি মঞ্চস্থ করে দিনাজপুরের নাট্যদল ষাড়ং। এ ছাড়া এদিন পার্বতীপুরের প্রগতি চিল্ড্রেন থিয়েটার ইচ্ছে, ঢাকার কাব্যবিলাস সুবাস ছাড়া ফুল, ফরিদপুরের বৈশাখী লিটল থিয়েটার বঞ্চনা, গোবিন্দগঞ্জের শিশু-কিশোর থিয়েটার বীরপুরুষ এবং মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী মঞ্চস্থ করে রাজার পালা। দেশের গানের সিডি ‘আমাদের মনোলোকে আজও’, ‘হে বাঙ্গালী জাগো জাগো’, ‘বাংলার আকাশ বাংলার বাতাস’—এমন ১২টি দেশের গান নিয়ে গীতিকার ভূঁইয়া সফিকুল ইসলাম বাঙ্গালী জাতির সেরা গর্ব নামের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হলো।গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক।গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার, সুবীর নন্দী, মলয় কুমার গাঙ্গুলী, আবু বকর সিদ্দিক, রফিকুল আলম, আবিদা সুলতানা, তিমির নন্দী ও মমতাজ। গানগুলোর সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, মো. শাহনেওয়াজ। এই অ্যালবাম থেকে পাওয়া অর্থ শিল্পীকল্যাণ তহবিল গঠনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদকে দেওয়া হবে।কথাবার্তার আসরের পুরস্কার বিতরণকবিতা ও গান নিয়ে ‘কথাবার্তার আসর-২’-এ ১৮ জন বিজয়ীকে পুরস্কার দিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। কবিতা ও গানের মাধ্যমে তরুণ সমাজের সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে ‘রবি কথাবার্তা’ কার্যক্রম শুরু হয়। গত তিন মাসে ২০ লাখ রবি গ্রাহক এ কার্যক্রমে যোগ দেন এবং ১৫ লাখের বেশি গান ও কবিতা রেকর্ড হয়।গত বুধবার সন্ধ্যায় গুলশানে রবির প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। পর্যায়ক্রমে রবি কথাবার্তা প্যাকেজের প্রতিযোগীদের মধ্যে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবির প্রধান বিপণন কর্মকর্তা জানান, শুধু কবিতা ও গানের জন্য একটি ব্লগ (.িৎড়নর.পড়স.নফ/শড়ঃযধনধৎঃধ) তৈরি করা হয়েছে। এখানে সব কবিতা ও গান শোনা যাবে। প্রতিযোগিতা শেষে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ও ইন্দ্রমোহন রাজবংশী সংগীত পরিবেশন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গণবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব সমাপ্ত গতকাল বৃহস্পতিবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের নির্মিত চলচ্চিত্রসমূহ নিয়ে সপ্তাহব্যাপী উৎসবের সমাপনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলা দুইটায় প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদের ছবি আদম সুরত ও মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অসাধারণ অবদান নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির কথা প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো এই বিশেষ উৎসব। সমাপনী উৎসবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী জাফরুল্লাহ চৌধুরীসহ গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভিন বানু ও অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। উল্লেখ্য, রানওয়ে সিনেমাটি দেখতে দর্শকদের ভিড় উপচে পড়েছিল। মিলনায়তনের আসনসংখ্যা ৭০০। সে কারণে অনেকেই সিনেমাটি দেখতে পারেননি। এ জন্য গণস্বাস্থ্যের কর্মীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের জন্য নরসুন্দর, মুক্তির কথা ও রানওয়ে ছবি তিনটির বাড়তি প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত হয়।