
সম্প্রতি ময়মনসিংহের শিল্পকলা একাডেমী মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। হারুন রশীদের লেখা নাটকে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন
দেশের মধ্যে ঢাকার বাইরে‘পঞ্চনারী আখ্যান’ নাটকের প্রথম প্রদর্শনী করলেন। কেমন হলো?
ভালো হয়েছে। প্রচুর দর্শক নাটকটি উপভোগ করেছেন। ময়মনসিংহ শহরের জেলা প্রশাসক থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তি ওই দিন দেখেছেন নাটকটি। সবাই প্রশংসা করেছেন। আমাদের সমাজের বিভিন্ন স্তরের নারীদের কথা উঠে এসেছে এই নাটকে। প্রদর্শনীর পর অশ্রুভেজা চোখে দু-একজন দর্শক আমাদের সঙ্গে কথা বলেছেন।
নাটকটি নিয়ে আপনার সন্তুষ্টি কতটুকু?
প্রায় ছয় মাস ধরে আমরা নাটকটি নিয়ে মহড়া করেছি। এ পর্যন্ত সাতটি প্রদর্শনী হয়েছে। সব প্রদর্শনীতেই দর্শকের ভালো সাড়া পেয়েছি। নাটক চলাকালে আমি একটি জিনিস সব সময়ই লক্ষ করি, তা হলো—নির্দেশক হিসেবে নাটকের যেসব জায়গা আমি যেভাবে ভেবেছি, সেসব জায়গায় দর্শকের প্রতিক্রিয়া কেমন। প্রতিটি প্রদর্শনীতেই আমার ভাবনার সঙ্গে দর্শকের প্রতিক্রিয়া মিলে গেছে।
শুরু থেকেই কি ঢাকা থিয়েটারের নিজস্ব প্রযোজনা হিসেবে‘পঞ্চনারী আখ্যান’-এর প্রদর্শনী শুরু হয়েছিল?
নাটকটি ঢাকা থিয়েটারের নাট্যরীতির বাইরে থেকে করা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বঙ্গমেলা সম্মেলন উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে কাজটি করছিলাম। আমার বাসার ছাদে মহড়া হতো। ওই সময় ঢাকা থিয়েটারের কয়েকজন নীতিনির্ধারক মহড়া দেখেন। এরপর তাঁরা বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ঢাকা থিয়েটারের ব্যানারে নাটকটির নিয়মিত মঞ্চায়ন হবে। সেভাবেই এ পর্যন্ত নাটকটির মঞ্চায়ন হয়ে আসছে।
ঢাকা থিয়েটারের নাট্যরীতি নিয়ে নিজে নির্দেশনা দিচ্ছেন না কেন?
এর আগে ঢাকা থিয়েটারের হাত হদাই, একাত্তরের পালা নাটক দুটিতে নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে এবং সৈয়দ জামিল আহমেদের সঙ্গে চাকা নাটকে সহকারী নির্দেশক হিসেবে কাজ করেছি। ঢাকা থিয়েটারের হয়ে নির্দেশনা দেওয়ার প্রস্তাব আগেই পেয়েছিলাম। ওই সময় ব্যক্তিগত কাজের চাপের কারণে করতে পারিনি। তবে এখন যদি দল থেকে প্রস্তাব আসে, তাহলে নির্দেশনার কাজ করব।
এ নাটক নিয়ে আবার কবে দেশের বাইরে যাচ্ছেন?
এর আগে যুক্তরাষ্ট্রে নাটকের দুটি প্রদর্শনী হয়েছে। এবার ভারতে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে দেশের মধ্যেই বেশি বেশি প্রদর্শনী করতে চাই।