শহীদের তালিকা থেকে বাদ কারিনা
আজ ২৩ সেপ্টেম্বর! শহীদ কাপুর ও বাবা পঙ্কজ কাপুরের বহুল প্রতীক্ষিত ‘মৌসুম’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। উদ্বোধনী প্রদর্শনীতে ছবিটি দেখার জন্য বলিউডের কমবেশি প্রায় সব তারকাকেই বাপ-বেটা আমন্ত্রণ জানিয়েছেন। শহীদের দীর্ঘ তালিকায় সাবেক প্রেয়সী বিদ্যা বালান যেমন আছেন, তেমনি রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামও। অতি সতর্কতার সঙ্গে বাদ দেওয়া হয়েছে কারিনা কাপুরের নাম। সবাইকে ফোনে ও খুদেবার্তা জানিয়ে ছবি দেখার আমন্ত্রণ জানালেও কারিনাকে এড়িয়ে গেছেন শহীদ। অথচ বিদ্যা, প্রিয়াঙ্কা ও কারিনার মধ্যে শেষের জনের সঙ্গেই দীর্ঘদিন সম্পর্ক ছিল শহীদের। শহীদকে ছেড়ে সাইফ আলী খানের সঙ্গে সম্পর্ক গড়েন কারিনা। আজ অবধি তাঁর সঙ্গেই আছেন। এদিকে শহীদ কোথাও থিতু হতে পারেননি। আজিজ মির্জার ‘কিসমত কানেকশন’ করতে গিয়ে বিদ্যার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। টেনিস তারকা সানিয়া মির্জার প্রতি আকর্ষণের জন্য বিদ্যার সঙ্গে সম্পর্কটা টেকেনি বেশি দিন। একসময় প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ হন শহীদ। যে কদিনই টিকেছে শহীদ-প্রিয়াঙ্কা জুটি, সময়টা দারুণ কাটিয়েছেন বটে। জিনিউজ ব্যুরো।