ফসলের মাঠে কাস্তে হাতে হাসিমুখের কৃষক। হালচাষ, ধান কাটা, রোপণ, মাড়াই। আছে কিষানির রান্না, ঢেঁকিতে ধান ভানা, পিঠা বানানোসহ হরেকরকম দৃশ্য। আছে সবুজ ও সোনালি ধানের খেত, হলুদ সরষে খেত। আরও আছে সবুজ মাঠে রাখাল বালকের গরুর চরানোর ছবি। এক কথায় বাংলার চিরন্তন রূপ তুলে ধরেছে শিশু-কিশোরেরা। বাদ যায়নি জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের মতো স্থাপনাও। ইচ্ছেমতো রং লাগিয়ে এসব চিত্র এঁকেছে বসুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা রূপ নিয়েছিল উৎসবে।গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি (বিকেইএস) আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী। বিশেষ অতিথি ছিলেন বসুধা বিল্ডার্স লিমিটেডের পরিচালক মেজর (অব.) মো. জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন বিকেইএসের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক দৌলত দায়েন রাফে। আরও বক্তব্য দেন আশরাফ আলী মোল্লা, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।আয়োজকেরা জানান, কুমিল্লা, যশোর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন হাজার শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে। ক বিভাগে অংশ নেয় সর্বোচ্চ ছয় বছর বয়সী শিশুরা, খ বিভাগে ছয় থেকে নয় বছরের এবং গ বিভাগে নয় থেকে ১৩ বছরের শিশুরা। প্রত্যেক প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে পেনসিলবক্স দেওয়া হয়। প্রতিযোগিতায় চারুকলা অনুষদের ডিনের নেতৃত্বে শিক্ষকেরা বিচারকের দায়িত্ব পালন করবেন। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। এ ছাড়াও প্রতি বিভাগের ২০ জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।