শহুরে সংস্কৃতিতে ‘হাওয়া বদল’
রেডিও এবিসিতে আগামীকাল শুক্রবার দুপুরের খবরের পর প্রচারিত হবে লোকগানের অনুষ্ঠান ‘হাওয়া বদল’। এ দিন অনুষ্ঠানের ১৩তম পর্বটি প্রচারিত হবে। মাসখানেক আগে প্রচার শুরু হওয়া অনুষ্ঠানটির মাধ্যমে হারিয়ে যেতে বসা লোকগানের মূলধারার সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। লোকগানের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। অনুষ্ঠানের প্রযোজক শারমীন আহমেদ বলেন, ‘আমাদের লোকসংস্কৃতির ভান্ডারটা বিশাল। কিন্তু তা এখন হারিয়ে যেতে বসেছে। আমরা এমন একটি অনুষ্ঠানের কথা ভেবেছিলাম, যা বাংলাদেশের লোকগানকে বাঁচিয়ে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তা ছাড়া বাংলাদেশের লোকগানকে এ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরারও একটা ভাবনা আছে আমাদের।’শারমীন আহমেদ আরও বলেন, ‘অনুষ্ঠানে লোকগানগুলো এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তরুণ প্রজন্ম পার্থক্যটা বুঝতে পারে। তা ছাড়া এ অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন লোকগানের গবেষক মাহবুব পিয়াল, যিনি লোকগানে পিএইচডি করেছেন।’