শহুরে সংস্কৃতিতে ‘হাওয়া বদল’
রেডিও এবিসিতে প্রতি শুক্রবার দুপুরের খবরের পর প্রচারিত হচ্ছে লোকগানের অনুষ্ঠান হাওয়া বদল। এরই মধ্যে অনুষ্ঠানটির কয়েকটি পর্ব প্রচারিতও হয়েছে। মাস তিনেক আগে প্রচার শুরু হওয়া অনুষ্ঠানটির মধ্য দিয়ে হারিয়ে যেতে বসা লোকগানের মূলধারার সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। লোকগানের হারানো গৌরব ফিরিয়ে আনার এই চেষ্টা করছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। অনুষ্ঠানটির প্রযোজক গাজী শারমীন বলেন, ‘আমাদের লোকসংস্কৃতির ভান্ডারটা বিশাল। কিন্তু তা এখন হারিয়ে যেতে বসেছে। আমরা এমন একটি অনুষ্ঠানের কথা ভেবেছিলাম, যা বাংলাদেশের লোকগানকে বাঁচিয়ে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তা ছাড়া বাংলাদেশের লোকগানকে এ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরারও একটা ভাবনা আছে আমাদের।’তিনি আরও বলেন, অনুষ্ঠানে লোকগানগুলো এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তরুণ প্রজন্ম পার্থক্যটা বুঝতে পারে। তা ছাড়া আজ রেডিও এবিসির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে আরও নতুন কিছু নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবে হাওয়া বদল। অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন লোকগানের গবেষক মাহবুব পিয়াল। তিনি এরই মধ্যে লোকগানের ওপর পিএইচডি করেছেন।