শাওনের দ্বিতীয় ধারাবাহিক
এবারের ঈদুল আজহায় চ্যানেল আইতে থাকছে ছয় পর্বের বিশেষ নাটক ‘একলা পাখি’। হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন। এটি শাওনের পরিচালনায় দ্বিতীয় ধারাবাহিক। এর আগে তিনি ‘কবি’ নামের একটি ধারাবাহিক পরিচালনা করেছিলেন। ‘একলা পাখি’ প্রসঙ্গে শাওন বলেন, ‘আমরা প্রায় ১০-১১ মাস আগে নাটকটির কাজ করেছিলাম। প্রথমদিকে নাটকটি ছিল ১১ পর্বের। কিন্তু একটি স্যাটেলাইট চ্যানেলে এটি জমা দেওয়ার পর তারা জানায়, নাটকটি ১৩ পর্ব পর্যন্ত বাড়াতে হবে। কিন্তু সেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আমরা নাটকটি ওই চ্যানেলে প্রচারের ব্যাপারে আগ্রহ দেখাইনি।’ নাটকের দৈর্ঘ্য বাড়ানোর বিষয়ে শাওন আরও বলেন, ‘আসলে একটি নাটক যখন নির্মাণ করা হয়, তখন হয়তো এর কলেবর কমানো সম্ভব। কিন্তু তা বাড়ানো সম্ভব বলে মনে হয় না। অবশেষে সে নাটকটিকে আমরা ছয় পর্বে এনে দাঁড় করিয়েছি।’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তিশা।এ ছাড়া এবার ঈদুল আজহায় হুমায়ূন আহমেদের পরিচালনায় শুধু একটি নাটক প্রচারিত হবে, যেটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শাওন। ‘মীরার দিনরাত্রি’ নামের এ নাটকটির শুটিং শুরু হবে আগামী ১৮ অক্টোবর। চলবে ২০ তারিখ পর্যন্ত। এতে শাওনের বিপরীতে থাকছেন গাজী রাকায়েত।