শাক দিয়ে মাছ ঢাকছেন রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মাঝরাতে ক্যাটরিনা কাইফের অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের কাছে ধরা পড়েন রণবীর কাপুর। ওই খবর প্রকাশ পাওয়ার পর থেকে রণবীর বলে বেড়াচ্ছেন, স্রেফ একজন ভালো বন্ধুর মতো ক্যাটরিনার সঙ্গে সময় কাটালেও রং চড়িয়ে এ বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। সম্ভবত ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছেন রণবীর।এ প্রসঙ্গে রণবীরের উদ্ধৃতি দিয়ে জি-নিউজ ব্যুরো জানিয়েছে, আকর্ষণীয়, পরিশ্রমী আর চমত্কার ব্যক্তিত্বের অধিকারী ক্যাটরিনা। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তাঁর প্রতিভারও কোনো তুলনা হয় না। তাঁর জীবন যাপন পদ্ধতিতেও কোনো অস্বাভাবিকতা নেই।রণবীর আরও বলেন, ‘পরিচয়ের পর থেকেই ক্যাটরিনার কাছের একজন বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছি আমি। তাঁর সঙ্গে কথা বলতে কিংবা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। বন্ধু হিসেবে আমরা একসঙ্গে সময় কাটাতেই পারি। কিন্তু সব সময় এ নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হয়েছে এবং এখনো হচ্ছে। বিষয়টি খুব দুঃখজনক।’রণবীরের মতে, ‘ভারতের চলচ্চিত্রশিল্পের পরিসর খুব বড় নয়। এ জন্য একই অভিনেত্রীর সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে হয়। ফলে একজন অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে সখ্য গড়ে ওঠে। কিন্তু বিষয়টিকে সহজভাবে না নিয়ে অনেক কেচ্ছা-কাহিনি রটানো হয়। আমার ও ক্যাটরিনার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটছে।’ উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাত ১১টায় বান্দ্রায় অবস্থিত ক্যাটরিনার অ্যাপার্টমেন্টে আসেন রণবীর। প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেখান থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এ সময় রণবীরের পরনে ছিল হালকা নীল রঙের জিনস প্যান্ট আর উজ্জ্বল লাল শার্ট। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে আড়ি পাতা সাংবাদিক বা অন্য কোনো দিকে না তাকিয়ে দ্রুত বাইরে অপেক্ষমাণ অডি গাড়িতে উঠে দ্রুত সরে পড়েন রণবীর।