শাকিব-অপু জুটি ভাঙছে না
মাত্র পাঁচ দিন আগে নায়ক শাকিব খান সাংবাদিকদের ডেকে অপুর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলেছিলেন। ঘোষণা দিয়েছিলেন, তিনি আর অপুর সঙ্গে কাজ করবেন না। এমনকি তাঁর সঙ্গে যে নতুন ছবিগুলোতে অপু চুক্তিবদ্ধ ছিলেন, ওই ছবিগুলোতে অপুর বদলে অন্য কোনো নায়িকাকে নেওয়ার জন্য নির্মাতাদের বলেছেন।তাঁর কথামতো নির্মাতারাও দ্রুত অপুর জায়গায় অন্য নায়িকা নেওয়ার পদক্ষেপ নেন।কিন্তু সপ্তাহ পার হওয়ার আগেই শাকিব তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন। অপুর সঙ্গে আবার কাজ করার কথা জানিয়েছেন তিনি।ঘোষণা দিয়েও কেন আবার সিদ্ধান্ত পরিবর্তন, জানতে চাইলে শাকিব বলেন, ‘একটা ষড়যন্ত্র হচ্ছিল, যাতে আমার আর অপুর জুটিটা ভেঙে যায়। ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারিনি।’গত মঙ্গলবার শাকিব বললেন, ‘বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এখন সবকিছুই ঠিক হয়ে গেছে।’শাকিব তাঁর অনড় সিদ্ধান্ত থেকে সরে আসায় খুশি হয়েছেন নির্মাতারা।৬ আগস্ট শাকিবের ঘোষণার পর প্রেক্ষাগৃহ মালিক, প্রযোজক ও পরিচালক সমিতির নেতাদের সিদ্ধান্ত ছিল, চলচ্চিত্রের স্বার্থে এই জুটি ভাঙতে দেওয়া যাবে না। তাই এফডিসির প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় গত মঙ্গলবার এফডিসিতে বসেন সবাই। এরপর শাকিব তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন। নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করাসহ যেসব ছবিতে তাঁরা দুজন চুক্তিবদ্ধ আছেন, সেসব ছবির কাজ শেষ করার অঙ্গীকার করেন তিনি।