শাকিব-অপুর সঙ্গে প্রযোজক রিবেশক সমিতির দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাতায়াত-ভাতার টাকা নিয়েই নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রযোজক পরিবেশক সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি মো. হোসেনের দ্বন্দ্বটা শুরু হয়েছিল। হোসেনের আবেদনে সাড়া দিয়ে প্রযোজক পরিবেশক সমিতি অপু বিশ্বাসকে নিয়ে নতুন কোনো ছবির অনুমোদন না দেওয়ার ঘোষণা দেয়। ২৬ জানুয়ারি ঘটেছিল এ ঘটনা। পরবর্তী সময়ে ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন শাকিব খান। ২৭ জানুয়ারি রাতে প্রযোজক পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, অপুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে শাকিব পরদিন মো. হোসেনের ছবির শুটিং করেননি, তাই শাকিবকে নিয়ে এখন থেকে আর কোনো প্রযোজক, পরিচালক শুটিং-ডাবিং করতে পারবেন না।তবে অভিযোগ অস্বীকার করে শাকিব বলেছেন, ‘আমি অসুস্থ অবস্থায় রাত জেগে কাজ করেছি। পরদিন জ্বর ছিল, তাই শুটিং করতে পারিনি। অথচ এর আগে মো. হোসেন আমাকে সারা দিন সাভারে নিয়ে বসিয়ে রাখলেন, শুটিং করলেন না, তার কোনো বিচার নেই।’ তিনি আরও বলেন, ‘প্রযোজক পরিবেশক সমিতি যদি আমাকে নিষিদ্ধ করে, তবে আমার কিছুই বলার নেই।’অন্যদিকে অপু বলেছেন, ‘বিনা কারণে আমার ওপর দোষ চাপানো হয়েছে। আমার গাড়িচালক যাতায়াত-ভাতা নিয়ে কী বলেছে, তা আমি জানি না।’ এদিকে বিপাকে পড়েছেন শাকিবের ছবির নির্মাতারা। গতকাল প্রযোজক পরিবেশক সমিতির সিদ্ধান্ত উপেক্ষা করে চাষী নজরুল ইসলাম শাকিবকে নিয়ে দেবদাস ছবির শুটিং করেছেন। বেশ কয়েকজন প্রযোজক বলেছেন, ‘সমিতির নেতাদের আমরা মানব, কিন্তু যে ক্ষতিটা আমার হবে, তার দায় কে নেবে?’ কেউ কেউ বলেছেন, ‘টাকা বিনিয়োগ করেছি, শুটিং করব।’ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতারা গতকাল সন্ধ্যায় ৫০ জন প্রযোজককে নিয়ে বৈঠক আহ্বান করেন। সমিতির সহসভাপতি মো. হোসেন বলেন, ‘কারও কাছে মাথা নত করে কিছু করব না। সাধারণ প্রযোজকদের মতামত নিয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব।’ গত রাতে প্রভাবশালী প্রযোজকেরা শাকিবকে নিয়ে সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকের আয়োজন করেছিলেন। শেষ পর্যন্ত বৈঠকটি আর হয়নি। অন্যদিকে সর্বশেষ তথ্যে জানা গেছে, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুরের মধ্যস্থতায় শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতাদের নিয়ে বৈঠক হয়েছে। শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এ সমস্যার সুষ্ঠু সমাধান দেওয়ার আশ্বাস দিয়েছেন।