শাকিব খান ও তাঁর নায়িকারা

বাংলাদেশের চিত্রজগতে জনপ্রিয় নাম শাকিব খান। নায়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এবার ঈদে তিনি নায়িকা অপু বিশ্বাস ও নিপুণকে নিয়ে বাংলাভিশনের একটি অনুষ্ঠানে হাজির হচ্ছেন। অনুষ্ঠানের নাম ‘শাকিব খান ও তাঁর নায়িকারা’। তারকা আড্ডার অনুষ্ঠানটির সঞ্চালক ‘লাক্স’ তারকা মুনমুন।
শাকিব খান বলেন, ‘ঈদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। এই অনুষ্ঠানে দর্শকেরা আমার সম্পর্কে জানার পাশাপাশি অপু বিশ্বাস ও নিপুণের নায়িকা হওয়ার গল্প জানতে পারবেন।’
‘শাকিব খান ও তাঁর নায়িকারা’ অনুষ্ঠানে শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ তাঁদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তারকাদের রঙিন জীবনের পেছনেও যে ব্যক্তিগত জীবন আছে, সেই জীবনের আবেগপূর্ণ অংশ উঠে এসেছে তাঁদের আলাপচারিতায়।
অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদ সম্পদ।
প্রসঙ্গত, শাকিব খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘হিরো, দ্য সুপারস্টার’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এতে শাকিবের নায়িকারা হলেন অপু বিশ্বাস ও ববি। এ ছাড়া নিপুণ অভিনীত ‘আই ডোন্ট কেয়ার’ ছবিও মুক্তি পাচ্ছে এবারের ঈদ মৌসুমে।