শাকিব-জয়ার মালয়েশিয়া সফর
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন শাকিব খান ও জয়া আহসান।এ দুজনের একসঙ্গেই মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু শুটিংয়ের সঙ্গে পারিবারিক কাজ যোগ হওয়ায় মাকে নিয়ে এরই মধ্যে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জয়া আহসান। শাকিব খান যাচ্ছেন ৮ অক্টোবর। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় ছবিটির চারটি গানের পাশাপাশি কিছু রোমান্টিক দৃশ্যের চিত্রায়ণে অংশ নেবেন শাকিব ও জয়া। শাকিব খান বলেন, ‘এর আগেও ছবির শুটিংয়ে মালয়েশিয়ায় যাওয়া হয়েছে। তবে শুনেছি এবারের ছবির কাজে মালয়েশিয়ার লোকেশনের পাশাপাশি নতুন প্রযুক্তিও ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘৮ অক্টোবর মালয়েশিয়া যাচ্ছি, থাকব দুই সপ্তাহের মতো। ঈদের আগের দিন ফেরার সম্ভাবনা আছে।’শাকিব খান আরও বলেন, ‘মালয়েশিয়া অনেক সুন্দর দেশ। সুন্দর লোকেশনে ছবির শুটিং হলে দর্শক সবকিছুতে বৈচিত্র্য পান। মূলত ছবির গল্পের কারণে ও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্যই এবার মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত।’ শুধু ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ নয়, সামনে আরও বেশ কয়েকটি ছবির শুটিং মালয়েশিয়া করবেন বলেও জানিয়েছেন শাকিব খান।এরই মধ্যে এফডিসি, পুবাইলসহ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির চিত্রধারণের কাজ করা হয়েছে।