শাকিব-মুক্তির ‘জোর করে ভালোবাসা হয় না’
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান ও মুক্তি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জোর করে ভালোবাসা হয় না’। ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত্ হোসেন লিটন। জানা গেছে, ‘জোর করে ভালোবাসা যায় না’ শাকিব খান অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র। অন্যদিকে, মুক্তি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র এটি। ছবির গল্প গড়ে উঠেছে শাকিব খান ও মুক্তির প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। শাকিব ও মুক্তি পরস্পরকে ভালোবাসে। অন্যদিকে, মুক্তিকে ভালোবাসে শাহিদ খান। গল্পে এ ধরনের জটিলতা তৈরি হলে শাকিব খানের সামনে উপস্থিত হন সাহারা। তখনই গল্প মোড় নেয় অন্যদিকে। এভাবেই ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবির গল্প এগোতে থাকে।এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আলীরাজ, সুব্রত, কাবিলা, আফজাল শরীফ প্রমুখ। সালাউদ্দিন লাভলুর জনপ্রিয় নাটক ‘রঙের মানুষ’-এ দিলখুশ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মুক্তি। তাঁর প্রথম ছবির নাম ‘তুমি আছো হূদয়ে’। হাসিবুল ইসলাম মিজানের পরিচালনায় এই ছবিতে মুক্তির নায়ক ছিলেন আরজু। সম্প্রতি মুক্তি আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।