শাকিবের অন্য চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ন্যাড়া মাথায় অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে। এফ আই মানিকের পরিচালনায় ছবিটির নাম হচ্ছে ‘মাই নেম ইজ সুলতান’। এরই মধ্যে ছবিটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাহারা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসির ২ নম্বর ফ্লোরে আলাপকালে শাকিব খান বলেন, ‘ন্যাড়া মাথায় আমি প্রথম যে ছবিতে অভিনয় করেছিলাম সেটিতে আমার চরিত্র ছিল পাগলাটে ধরনের। তবে এবারের ছবিটির গল্পে আমার চরিত্র আগেরটির মতো পাগলাটে নয়। মন্দ কাজে নিয়োজিত একজন মানুষের চরিত্র। অনেকটা মারমুখী ধরনের। আশা করছি, প্রথমটির মতো এটিও দর্শকদের ভালো লাগবে।’গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসির ২ নম্বর ফ্লোরে শাকিব খান নতুন ছবি ঢাকা টু বোম্বের শুটিং করছিলেন। উত্তম আকাশের পরিচালনায় ছবিটিতে শাকিবের বিপরীতে নায়িকা হয়েছেন সাহারা। ছবিটিতে বাইরের একজন নায়িকার অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। যেটি এখনো চূড়ান্ত হয়নি।কথাচ্ছলে শাকিব জানালেন, এবারের ঈদেও তাঁর দেশে থাকা হচ্ছে না। ঈদের দিনই ছবির শুটিংয়ের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়তে হবে। সেখানে দুটি ছবির শুটিং করবেন। ২৫ দিন শুটিং করেই তারপরই দেশে ফিরবেন তিনি। উল্লেখ্য, এম বি মানিকের ‘তোর কারণে বেঁচে আছি’ ছবিতে শাকিব খান প্রথমবার ন্যাড়া মাথায় অভিনয় করেছিলেন। ছবিটিতে শাকিব খান পাগলের চরিত্রে অভিনয় করেছিলেন।