শাকিবের জন্য অনন্তর শুভকামনা

এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। সামনের ঈদে নিজের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো-দ্য সুপারস্টার’ মুক্তি দেওয়ার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন শাকিব। তাঁর প্রযোজিত প্রথম ছবির জন্য শুভকামনা জানালেন ঢাকাই ছবির আলোচিত নায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই নায়কের নতুন ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’। বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের অনেকেরই ধারণা, এই ছবি দুটির মধ্য দিয়ে তাঁরা দুজন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। আসলেই কী তা-ই?
শাকিব প্রযোজিত প্রথম ছবিটি সম্পর্কে প্রথম আলোকে অনন্ত বলেন, ‘এখন ছবি নিয়ে তুলনা করার সময় না। ছবি মুক্তি পাওয়ার পর দর্শকেরাই ভালো-মন্দ বিচার করবেন। শাকিব সাহেব এবারই যেহেতু প্রথম ছবি প্রযোজনা করছেন, তাই তাঁর জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল। আমি মন থেকে চাইব, শাকিব সাহেবের ছবি যেন ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। কারণ ছবি বানাতে অনেক কষ্ট করতে হয়। প্রথম ছবিতে যদি ব্যবসায়িক সফলতা আসে, তাহলে পরে আরও ছবি নির্মাণে আগ্রহী হবেন তিনি।’
অনন্ত এও বলেন, ‘বছরে আমার নির্মিত ও অভিনীত একটি ছবি মুক্তি পায়। অন্যদিকে শাকিব সাহেব অভিনীত অন্তত ১৫-১৬টি ছবি মুক্তি পায়। তাই এখানে প্রতিযোগী কিংবা প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো প্রশ্নই আসে না।’

ঢাকাই চলচ্চিত্রে এক যুগেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাজ করছেন শাকিব খান। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। অন্যদিকে ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় প্রথম আবির্ভাব ঘটে অনন্তর। অল্প সময়েই ঢাকার চলচ্চিত্রপ্রেমী দর্শক এবং ছবি-সংশ্লিষ্টদের কাছে আলোচিত হয়েছেন অনন্ত।
উল্লেখ্য, গত বছরের ঈদে মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ এবং এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিগুলো। সে সময় দুজনের ছবিই সমানতালে ব্যবসা করেছিল বলে দাবি এ দুই তারকার। অনন্তর ছবিটি মধ্যবিত্তসহ সবশ্রেণির দর্শককে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার কৃতিত্ব দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে বলেও মনে করেন অনন্ত।