ঢাকার চলচ্চিত্র কয়েক বছর ধরে একাই টেনে নিয়ে চলেছেন নায়ক শাকিব খান। এ কারণে সর্বাধিক পারিশ্রমিকও নিয়েছেন তিনি। কিন্তু চলতি বছরের প্রথম ছয়টি মাস শাকিবের ক্যারিয়ারের জন্য ছিল সবচেয়ে খারাপ সময়। ছয় মাসে মোট ১৯টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিব খান অভিনীত ছবির সংখ্যা চার। হতাশার কথা হচ্ছে, শাকিব খানের এই ছবিগুলোর একটিও ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে প্রায় দেড় মাস নতুন ছবির প্রদর্শনী বন্ধ ছিল। এপ্রিল মাসের শেষের দিকে শাকিবের মনের জ্বালা ছবিটি মুক্তি পায়। বহুল প্রত্যাশিত এবং প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মালেক আফসারি পরিচালিত ছবিটি প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে ভালোভাবে দর্শক টেনে আনলেও, পরের সপ্তাহেই এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিভিন্ন বুকিং এজেন্ট জানিয়েছেন, ছবি খুবই ভালো, কিন্তু দর্শক নেই প্রেক্ষাগৃহে।এরপর পি এ কাজল পরিচালিত অন্তরে আছো তুমি ছবিটি মুক্তি পায় ২০ মে। এদিন ছিল শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে শাকিব খান জয়লাভ করলেও, প্রেক্ষাগৃহে এ ছবি দিয়েও তাঁর ভরাডুবি ঘটে। প্রথম দিন দর্শকদের উপস্থিতি অভাবনীয় থাকলেও, পরের দিনগুলোতে ছবিটি আর প্রত্যাশামতো সাফল্য পায়নি।১০ জুন মুক্তি পায় শাকিব অভিনীত আরও একটি ছবি মাটির ঠিকানা। এ ছবির পোস্টারে জেমস ও মিলার ছবি পর্যন্ত দেওয়া হয়েছিল। ছবিটি শুধু প্রথম সপ্তাহেই ভালো চলেছে। একাধিক প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টের দেওয়া ভাষ্য, এই ছবিটি প্রথম সপ্তাহে যেভাবে দর্শক ধরে রেখেছিল, তাতে আশা করা হয়েছিল যে শাকিবের ওপর থেকে অন্ধকার কেটে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা গেছে, পরিচালক সোহানুর রহমান সোহান যে ছবিগুলো শাকিবকে নিয়ে নির্মাণ করেছেন, সেসব ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সেই হিসাব থেকেই আশা করা গিয়েছিল যে ২৪ জুন মুক্তি পাওয়া কোটি টাকার প্রেম ছবিটি ব্যবসায়িক সাফল্য পাবে। কিন্তু সোহানের নির্মিত ছবিটিও লাভের মুখ দেখবে না বলে প্রেক্ষাগৃহের মালিকেরা আশঙ্কা করছেন।আগামী ৮ জুলাই শাকিব অভিনীত আরও একটি ছবি মুক্তি পাবে। এই ছবিও আবার আগের চারটি ছবির ধারাবাহিকতা রক্ষা করে কি না তা এখন দেখার বিষয়।ছয় মাসের এই ফলাফল ঢাকার চলচ্চিত্রের দামি তারকা শাকিব খানের জন্যও অস্বস্তিকর বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠ নির্মাতারা। তবে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন শাকিবের প্রযোজকেরা। শাকিব খানের ছবির বাজার হঠাৎ করেই পড়ে গেল কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন অনেকেই।সনি প্রেক্ষাগৃহের কর্ণধার এবং শাকিবের একাধিক ছবির প্রযোজক মোহাম্মদ হোসেন বললেন, ‘শাকিব তো প্রথম দিন দর্শক এনে দিচ্ছেন। কিন্তু ছবি পরের দিন আর দর্শক ধরে রাখতে পারছেন না। এ জন্য শাকিবের ছবিতে নতুনত্ব আনতে হবে। শাকিব এখন অনেক সিরিয়াস। সকাল ১০টার মধ্যেই শুটিং স্পটে আসছেন। তবে ছবি যদি ব্যবসায়িক সাফল্য না পায়, তাহলে পুরো চলচ্চিত্রশিল্পের জন্যই তা বিপদ ডেকে আনবে। আমি মনে করি, আগামী ঈদেই শাকিবের ছবিগুলো ব্যবসায়িক সাফল্য পাবে।’শাকিব খানের অন্য এক ছবির প্রযোজক শাহ আলমগীর বাচ্চু বললেন, ‘আমার নিজের একটি প্রেক্ষাগৃহ আছে চাঁদপুরে। সেখানে শাকিবের পুরোনো ছবিগুলো তো ভালোই ব্যবসা করছে। কিন্তু নতুন ছবি কেন ব্যবসা করছে না, তার অনেক কারণ আছে। দর্শক যে ধরনের ছবি চায়, সে ধরনের ছবি নিশ্চয়ই আমরা দিতে পারছি না। আর এখন যেসব ছবি মুক্তি পাচ্ছে, সেগুলোর গল্প প্রায় একই রকম। তাই বিষয়টি নিয়ে নির্মাতাদের ভাবতে হবে।’স্বস্তিতে নেই অন্য ব্যস্ত নায়কেরাও। কাজী মারুফ এই ছয় মাসে কোনো ব্যবসাসফল ছবি উপহার দিতে পারেননি। একইভাবে ইমন ও নিরব, যাঁদের নিয়ে আশা করা গিয়েছিল, তাঁদের ছবিও এই ছয় মাসে কোনো সাফল্য দেখাতে পারেনি। ফলে পুরো চলচ্চিত্রশিল্পই এখন অনিশ্চয়তার মধ্যে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু বললেন, ‘প্রথমত ভিডিও পাইরেসির জন্য আমাদের এখানে ছবির নির্মাণসংখ্যা কমে গেছে। আমার নিজেরই পর পর তিনটি ছবি ভিডিও পাইরেসিতে আক্রান্ত হয়েছে। আমি চার কোটি টাকা লোকসান দিয়েছি। আর শাকিব খানের ছবিগুলো চলছে না কেন, এটি এখন এক কঠিন প্রশ্ন। আবার শাকিবকেই ছবিতে দেখতে চায় দর্শক। আমার যেটা মনে হয়, আমরা যে বলিউডি ও মাদ্রাজি ছবির গল্প থেকে ছবি বানাচ্ছি—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে এখন ছবি বানাতে হবে। শাকিব অবশ্যই জনপ্রিয়। কিন্তু আমরা যেভাবে তাঁকে ছবিতে নিয়ে আসছি, সেটা দেখতে দেখতে দর্শক বিরক্ত। তাই ভবিষ্যৎ কী হবে, তা আমরা কেউই জানি না।’এ সময়ের ছবির গল্প প্রায় একই রকম। এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে মনের জ্বালা ছবির পরিচালক মালেক আফসারির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দুই তিনটি ছবি থেকে গল্প নিয়ে ছবি বানালে, সেই ছবি দর্শক দেখতে চায় না। এখন অনেকেই হুটহাট ছবির গল্প তৈরি করে শাকিবকে নিয়ে ছবি করছেন। আমার মতে এ ধরনের ছবিগুলো শাকিবের করা ঠিক হচ্ছে না। ছবি হাতে নেওয়ার আগে তাকে সব কিছু বিবেচনায় নিতে হবে। তাছাড়া দর্শক এখন শাকিবকে রোমান্টিক ছবিতে আর দেখতে চায় না। আমি মনে করি, ছবি নির্মাণের আগে ছবির বিষয়বস্তু, গল্প অনুযায়ী লোকেশন নির্বাচন এবং ছবি নির্মাণের জন্য আধুনিক কারিগরি সুবিধা—এ বিষয়গুলো আগে ঠিক করতে হবে। কিন্তু আমরা সবাই কী সেভাবে ছবি বানাচ্ছি? ছবির ব্যবসায়িক সাফল্য ও ব্যর্থতার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল না হলে শাকিবের কিছু করার আছে। শাকিব শিল্পী। তাকে দিয়ে আপনি যেভাবে কাজ করাবেন, সে তো সেভাবেই করবে। দর্শক ছবিতে চমক চায়, চায় নতুন কিছু। এগুলো করতে হবে আমাদেরই। এককভাবে এখানে শাকিবের কিছুই করার নেই।’ যাকে নিয়ে এত কথা, সেই শাকিব খান কী বলেন?‘আমার চারটি ছবিই ফ্লপ হয়েছে বলে যে তথ্য দেওয়া হচ্ছে, এটি ঠিক নয়। মনের জ্বালা ভালো ব্যবসা করেছে। তার প্রমাণ হচ্ছে এই ছবির প্রযোজক আমার কাছে সিডিউল নিয়েছেন। লোকসান দিলে তিনি তো আর আমাকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করতেন না। সাম্প্রতিক সময় ছবি ব্যবসাসফল না হওয়ার অন্যতম কারণ, আমি বলব ভিডিও পাইরেসি। পাইরেসি বন্ধ না হলে ভবিষ্যতে ১৫টি ছবিও মুক্তি পাবে না। এখানে আমি শাকিব কেন, শাহরুখ বা টম ক্রুজ নায়ক হলেও ছবি ব্যবসাসফল হবে না। তা ছাড়া কোনো শিল্পী টানা চার বছর ধরে ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার পর তাঁর ক্যারিয়ারে মন্দা বাতাস লাগতেই পারে। এটাকে ক্যারিয়ারের জন্য অশনি সংকেত বলা যায় না। শাহরুখ খান করন জোহরের কাভি আলবিদা না ক্যাহে না ছবিতে কাজ করেছেন। ছবিতে রানী-প্রীতির মতো নায়িকাও ছিলেন। কিন্তু ছবি ফ্লপ করেছে। শাহরুখের একটানা অনেকগুলো ছবিই ফ্লপ করেছে। তার মানে কী শাহরুখ খানের ক্যারিয়ার শেষ? আমাকে যাঁরা ছবিতে নেন, তাঁরা তো ব্যবসা করার জন্যই নেন। এখন তাঁরা যদি ছবি বানিয়ে আবার ভিডিও চোরদের খপ্পরে পড়ে লোকসানে পড়েন, তখন আমার কী করার থাকতে পারে? এ জন্য সরকারকে পাইরেসি বন্ধ করতে হবে। না হলে এ ধস শুধু আমার জন্য নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই অশনি সংকেত হয়ে দেখা দেবে।