শাকিবের নতুন কৌশল!
পথচলায় নতুন কৌশল নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান। নতুন কৌশল অনুযায়ী আর আগের মতো একের পর এক ছবি হাতে নেবেন না তিনি।আগে বছরের ৩৬৫ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, এখন খুব চিন্তা-ভাবনা করে পথ চলবেন—প্রথম আলো ডটকমকে এমনটাই জানিয়েছেন শাকিব। বছরে এখন দু-তিনটির বেশি ছবিতে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হঠাত্ করেই এমন সিদ্ধান্ত! এর কারণ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি যখন চলচ্চিত্রজগতে আসি, তখনকার অবস্থা খুব একটা ভালো ছিল না। বলতে পারেন, আমার নিজেরও তখন টিকে থাকার একটা সংগ্রামের ব্যাপার ছিল। এ সময় পেরিয়ে চলচ্চিত্রে আমার নিজের একটা অবস্থান তৈরি হয়। তারপর আবার চলচ্চিত্রশিল্পকে টিকিয়ে রাখার স্বার্থেও আমাকে এককভাবে লড়াই করতে হয়েছে। এ জন্য একের পর এক সিনেমায় কাজের প্রস্তাব হাতে নিয়েছি। নিজের অবসরের কথা না ভেবে দিন-রাত সিনেমার শুটিং করে গেছি। কিন্তু এখন তো চলচ্চিত্রশিল্প একটা অবস্থানে এসেছে। নতুন অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী চলচ্চিত্রে এসেছেন। তাঁরাও বেশ ভালো করছেন। আর তাই আমি নিজের চাপটা একটু কমিয়ে নিতে চাইছি।’শাকিব খান বলেন, ‘ছবিতে অভিনয়ের প্রস্তাব নেওয়ার ক্ষেত্রে আমি এখন আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের অনুসরণ করার চেষ্টা করছি। আমি অনেক শিল্পীকে চিনি, যাঁরা বছরে দু-তিনটির বেশি ছবিতে কাজ করেন না। এমনকি কেউ কেউ আবার দুই বছরেও একটি ছবিতে অভিনয় করে থাকেন। আমিও এখন তাঁদের মতো করেই পথচলার পরিকল্পনা করেছি। এতে করে কাজের মান নিয়ে খুব একটা প্রশ্ন উঠবে না।’ঢাকাই ছবিতে এখন বাজেটও বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ নির্মাতাই ছবি করার আগে বাজেট নিয়ে বেশি করে ভাবেন। কিন্তু বড় বাজেট কি সব সময় ছবির সফলতার প্রধান কারণ? এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছবি নির্মাণের ক্ষেত্রে বাজেট অবশ্যই বাড়বে। আমি মনে করি, বড় বাজেট সব সময় ছবি হিট করার ক্ষমতা রাখে না। কম বাজেটের ছবিও অনেক সময় হিট কিংবা সুপারহিট হয়। তবে বিগ বাজেটের ছবির ক্ষেত্রে যত্ন কিংবা মমত্ববোধটা থাকে একটু বেশি।’তাহলে ছবি হিট করার ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘ছবি তৈরির ক্ষেত্রে বাজেট অবশ্যই বড় একটা ফ্যাক্টর। তবে ছবি হিট করার ক্ষেত্রে বাজেটের পাশাপাশি ছবির গল্প, ভালো নির্মাতা—আনুষঙ্গিক সব ধরনের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যখন ভালো নির্মাতা, ভালো গল্প ও সময়োপযোগী সব ধরনের উপাদান একটি ছবির মধ্যে থাকবে, তখন ছবিটি হিট হওয়ার সম্ভাবনা থাকে বেশি।’