শাকিবের নায়িকা মৌসুমী হামিদ

শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর প্রথম রানারআপ মৌসুমী হামিদ। সাফিউদ্দিন সাফির পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু ছবিটি মৌসুমীকে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছে। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মৌসুমী।
মৌসুমী বলেন,‘চলচ্চিত্রে আমি এখনো নতুন। এরই মধ্যে চারটি ছবির কাজ করেছি। কোনোটিতে শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ হয়নি। শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক। আমার নতুন ছবিতে তাঁর সহশিল্পী হওয়ার সুযোগ হয়েছে। বিষয়টি আমার জন্য অনেক বেশি আনন্দের।’
মৌসুমী এ-ও বলেন, ‘যত দূর জানতে পেরেছি ছবিটিতে শাকিব খান দেশসেরা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। আর আমি ধনী পরিবারের মেয়ে। আমি শাকিব খানকে অনেক ভালোবাসি। যেকোনো উপায়ে তাঁকে ভালোবাসার মানুষ হিসেবে কাছে পেতে হবে। শুরু হয় আমার মিশন। এভাবে আমার চরিত্রটি এগিয়ে যায়।’
অনিমেষ আইচের না-মানুষ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন মৌসুমী হামিদ। এরপর একে একে অভিনয় করেন প্রশান্ত অধিকারীর হাডসনের বন্দুক, আবু শাহেদ ইমনের জালালের গল্প ও অনন্য মামুনের ব্ল্যাকমেইল। ছবিগুলোর কাজ শেষ হলেও এখন পর্যন্ত মুক্তি পায়নি।
মৌসুমী বললেন, ‘চিত্রনায়িকা মৌসুমী আপুর চলচ্চিত্র দেখে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম। সেই ভাবনা থেকেই শো-বিজে কাজ শুরু করি। নিজের পাঁচ নম্বর চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে বেশ ভালো লাগল। আশা করি ছবিতে কাজ বেশ উপভোগ করব।’