শাকিবের প্রতিদ্বন্দ্বী শাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব খান। এবারই প্রথম চলচ্চিত্রে প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়কের। ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো, দ্য সুপারস্টার’। এরই মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির বন্দোবস্ত করে ফেলেছেন শাকিব। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি। চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, ঈদে দারুণ এক লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা। কিন্তু শাকিব বিষয়টি কোনোভাবেই মানতে রাজি নন।

‘প্রথম আলো’র সঙ্গে আলাপকালে শাকিব বলেন, ‘আমি আসলে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোতে আমিই আমার প্রতিদ্বন্দ্বী। সবার নজর আমার ছবির দিকে। প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশকেরা আমার ছবির ব্যাপারে যে আগ্রহ দেখাচ্ছেন, তাতে আমি সত্যিই অভিভূত। তারা সবাই দেখতে চায় প্রযোজক শাকিবকে।’
শাকিব এ-ও বলেন, ‘“হিরো, দ্য সুপারস্টার” যেহেতু আমার প্রথম প্রযোজিত সিনেমা, তাই বাজেটের ক্ষেত্রে কোনো আপস করিনি। প্রযুক্তিগত বিষয়গুলো ছবিতে দারুণভাবে প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের মানুষ চলচ্চিত্র দিয়ে আমাকে ভালোবেসেছেন। তাঁদের সবার ভালোবাসা মাথায় রেখেই আমার ছবিটি নির্মাণ করা হয়েছে। সবাইকে এতটুকু বলতে পারি, ঈদে তাঁরা একটি চমত্কার ছবি উপহার পেতে যাচ্ছেন।’
শাকিব এখন কক্সবাজারে ‘শোধ’ ছবির শুটিং করছেন। ওয়াকিল আহমেদ পরিচালিত এই ছবিতে শাকিবের সহশিল্পী অপু বিশ্বাস। ‘শোধ’ ছবির শুটিং শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফিরবেন বলে জানান শাকিব।