শাকিবের প্রথম ছবির জুটি অপু-ববি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু-শাকিব-ববি
অপু-শাকিব-ববি

এবারই প্রথম ছবি প্রযোজনা করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর প্রযোজিত প্রথম ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস ও হাল সময়ের আলোচিত ববি। ‘হিরো, দ্য সুপারস্টার’ নামের এই ছবিটি পরিচালনা করবেন শাকিব খানের অনেক সফল ছবির নির্মাতা বদিউল আলম খোকন।

শাকিব খান বলেন, ‘অনেক দিন থেকেই ছবি প্রযোজনা করব, এমন একটা ইচ্ছা ছিল। এবার তার বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের নামসহ অন্যান্য কাগজপত্র গুছিয়ে ফেলেছি। ছবিটি পরিচালনার দায়িত্ব-ভার দিয়েছি পরিচালক বদিউল আলম খোকনকে। আশা করছি ভালো ভাবেই ছবিটি নির্মাণ হবে।’

শাকিব এও বলেন, ‘ছবিটি নিয়ে আমার অনেক স্বপ্ন। প্রযোজনা প্রতিষ্ঠান বাজেটের দিক থেকে কোনো কৃপণতা করবে না। পরিপূর্ণ একটা ভালো ছবি নির্মাণ করতে যা যা দরকার, সব করা হবে। পোস্ট প্রোডাকশনের কাজ হবে থাইল্যান্ডে। পুরো আউটডোর শুটিং হবে যুক্তরাজ্যে। ছবিটির শুটিংয়ের জন্য উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে।’

জানা গেছে, নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে।

শাকিব প্রযোজিত ছবিতে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শুনেছি শাকিবের প্রযোজিত ছবির বেশির ভাগ শুটিং দেশের বাইরে করা হবে। আশা করছি আমি, শাকিব, ববি মিলে সুন্দরভাবে কাজটি করব।’ 

ববি বলেন, ‘এরই মধ্যে শাকিব খান প্রযোজিত ছবিটিতে অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। আর সবাই মিলে একটা সুন্দর কাজ উপহার দিতে পারব।’ 

শাকিব খান এখন বদিউল আলম খোকনের পরিচালনায় ‘রাজা হ্যান্ডসাম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে ইফতেখার চৌধুরীর পরিচালনায় শাকিব খান ও ববি জুটির নতুন ছবি ‘রাজত্ব’র শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।