দেবর-ভাবির প্রেম-ভালোবাসা নিয়ে কত না কল্পকাহিনি শোনা যায়। আবার ভাবি যে অনেক সময় সন্তানের মতোই দেবরকে বড় করে তোলেন, সেই গল্পও শোনা যায়। পরিচালক মোহাম্মদ হোসেন এবার দেবর-ভাবির গল্প নিয়েই নির্মাণ করছেন দেবর ভাবি নামের সিনেমা। ছবিতে ভাবির চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। তিনি বলেন, ‘ছবির গল্পটি আমি শুনেছি। যে ভাবনা থেকে গল্প তৈরি করা হয়েছে, সেটা বেশ মজার। আমি মৌখিকভাবে ছবিটিতে কাজ করার ব্যাপারে সম্মতি দিয়েছি। তবে স্ক্রিপ্ট পাওয়ার পরেই বাকিটা চূড়ান্ত হবে।’শাকিব বলেন, ‘এ ধরনের ছবি আগে আমাদের দেশে হয়েছে। অনেক দিন হলো হয় না। এই ছবির গল্পটা যেমন মজার হবে, তেমনি গানগুলোও ভালো হবে বলে আশা করছি।’জানা গেছে, মৌসুমী-শাকিব ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন নিপুণ। পরিচালক বলেন, ‘এখনকার বেশির ভাগ ছবি হচ্ছে মারামারির গল্প নিয়ে। দর্শকও একঘেয়েমিতে ভুগছে। তাই একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে ছবিটি করতে যাচ্ছি। আগামী নভেম্বর থেকে ছবিটির কাজ শুরু করব।’