শাকিবের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয়, সর্বাধিক পারিশ্রমিক নেওয়া তারকা, ৬০০টিরও বেশি প্রেক্ষাগৃহে তাঁর চলচ্চিত্র প্রদর্শন, একই ঈদে সর্বাধিক চলচ্চিত্র মুক্তি পাওয়া—অভিনয়ের এক যুগে এ রকম একাধিক রেকর্ডের তকমা জমেছে যাঁর ঝুলিতে, তিনি শাকিব খান। বিস্তারিত এই সাক্ষাৎকারে।সাভারের গলফ ক্লাব। আকাশ মেঘাচ্ছন্ন। ঝিরঝির বৃষ্টি পড়ছে। শাকিব রূপসজ্জায় ব্যস্ত। সে আমার মন কেড়েছে ছবির শুটিং করবেন তিনি। চোখে-মুখে ঘুমের রেশ। বললেন, সকাল ছয়টার মধ্যে উঠে যেতে হয় ব্যায়ামাগারে। সেখানে ১০টা পর্যন্ত কাটিয়ে সোজা শুটিং স্পট। একটানা কাজ করে গভীর রাতে বাড়ি ফেরা। তারপর শাওয়ার নিয়ে খাবার টেবিলে। খেতে খেতেই শুরু হয় ছবি দেখা।কার ছবি দেখেন?সবার ছবি দেখি। উত্তম কুমার, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার থেকে শুরু করে শাহরুখ-আমির; সবার ছবিই দেখি। তাঁরা একই মানুষ, অভিনয়ে কীভাবে বারবার নিজেদের বদলাচ্ছেন। তাঁরা নিজ গুণেই একেকজন সুপারস্টার হয়েছেন।বাংলাদেশে সুপারস্টার কে?শুধু একজনই, রাজ্জাক। তাঁর পরে অবশ্য একজন এসেছিলেন, সালমান শাহ।নিজের ব্যাপারে কী ভাবেন?আমি তো এখনো কাজ করছি। এটুকু বলতে পারি, আমি একজন অভিনয়শিল্পী।অনেকেই আপনার নামের আগে ‘কিং খান’, ‘যুবরাজ’ বিশেষণ ব্যবহার করেন। এ ব্যাপারে আপনার মতামত কী?আমি আসলে কোনো বিশেষণে বিশ্বাসী নই। আমি শুধুই শাকিব খান।সম্প্রতি আপনি চুক্তিবদ্ধ হওয়া একসঙ্গে চারটি ছবি ছেড়ে দিয়েছেন। কেন?প্রথমে বলব, আমি অনুরোধের ঢেঁকি গেলা বন্ধ করেছি। অনেক করেছি, আর নয়। আট দিনে, দশ দিনে ছবির শুটিং, যেনতেনভাবে ছবি মুক্তি দেওয়া, তারপর একই দিনে তিন থেকে চারটি পার্টির কাজ করা—এভাবে আসলে ভালো সিনেমা হতে পারে না। আর বেশি ছবির চাপ থাকলে কোনোটাই ভালোভাবে করা সম্ভব হয় না।এই উপলব্ধিটা আপনার আগে হয়নি কেন?এখানে আমরা সবাই কাজ করতে করতে শিখছি। সবাই আমার কাছে আসতেন। বলতাম, শিডিউল নেই। দেখা গেল, এক বছর পরের শিডিউলটা নিয়েই তাঁরা কাজ করতে রাজি হয়ে যাচ্ছেন। কিন্তু পরে ভেবে দেখলাম, আসলে টাকা হলেই ছবি হয় না। ছবি বানানোর জন্য দরকার ভালো গল্প, ভালো পরিচালক ও গল্প অনুযায়ী শিল্পী। যখন আমাকে একজন নির্মাতা নিচ্ছেন, তিনি মনে করছেন, ছবিতে শাকিব থাকলেই হলো। জোড়াতালি দেওয়া একটা গল্প নিয়ে তাঁরা শুটিং করতেন। প্রতিবাদ জানাতাম। কোনো কাজ হতো না। প্রেক্ষাগৃহে গিয়ে যখন ওই ছবি দেখতাম, মেজাজ খারাপ হতো। ছবি ব্যবসাসফল হচ্ছে, কিন্তু নিজের যে একটা ভালো লাগার জায়গা, সেটা যেন আমি কিছু ছবিতে খুঁজে পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমাকে এ সিদ্ধান্ত নিতে হলো।এখন কি আপনি পরিচালক বাছাই করে কাজ করছেন?অবশ্যই। যাঁরা ভালো ছবি উপহার দিয়েছেন, তাঁদের কাজ করব। পাশাপাশি যাঁরা নতুন আসছেন, যাঁদের গল্পের মধ্যে নতুনত্ব থাকবে, অবশ্যই তাঁদের ছবিতে কাজ করব। কিন্তু অবশ্যই বছরে ১০টির বেশি ছবিতে কাজ করব না।অবশ্য এমন কথাও শোনা যায়, মাঝে আপনার পর পর দুটি ছবি ব্যবসাসফল না হওয়ার কারণেই নাকি কোনো কোনো নির্মাতা আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন।দেখুন, অনেক কথাই তো শোনা যায়। কিন্তু বাস্তবতা কী বলে? যাঁরা আমার কাছ থেকে শিডিউল পান না, তাঁরা কিন্তু অবলীলায় বলে দিতে পারেন না যে শাকিবকে বাদ দিয়ে দিলাম। কারণ এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তাঁরা বলেন, ওর বাজারদর আগের মতো নেই। একজন শিল্পীর সব ছবিই ব্যবসাসফল হবে, এ গ্যারান্টি কেউ দিতে পারে না। মাঝে আমার দুটি ছবি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি, তার পেছনে অনেক কারণও ছিল। আমি তো বলব, ছবিগুলো ছবির মতো করে তৈরি করা হয়নি। এ কারণেই কিন্তু এখন আমাকে যাচাই-বাছাই করতে হচ্ছে। সম্প্রতি আমার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ও তুমি আমার মনের মানুষ ছবি দুটি ব্যবসাসফল হওয়ায় আমার ওপর শিডিউলের চাপ আসছে। আমার সাফ কথা, টাকা-পয়সা আমাকে ওপরওয়ালা যথেষ্ট দিয়েছেন, কিন্তু এখন আর শুধু টাকার জন্য অভিনয় করব না।আপনার ব্যাপারে একটি কথা খুবই চালু। আপনি কাজ করতে গেলে সবার ওপর প্রচণ্ড প্রভাব বিস্তার করেন। এটি কখনো কখনো কারও জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভয়ে কেউ কিছু বলে না।একটি ছবির ব্যর্থতার দায়ভার যখন আমার ওপর এসে পড়ে, তখন তো এর ভালোমন্দ সবকিছুই আমাকে দেখতে হয়। আজ পর্যন্ত কোনো নির্মাতা বলতে পারবেন না যে আমার কথা শুনে তাঁদের ক্ষতি হয়েছে। আমি প্রভাব বিস্তার করি কেন? দেখা গেল, একটি গানের চিত্রায়ণ করতে হবে ভালো জায়গায়। তাঁরা এফডিসির কোনাকাঞ্চিতে করতে চাইছেন। আমি তখন বলি, না, এ ছবির গানগুলো সুন্দর একটা লোকেশনে করা দরকার। এ দেশে যদি লোকেশন না থাকে, তবে দেশের বাইরে যান। এ জন্য এখন ছবিতে কাজ শুরুর আগে বলে নিই যে গানগুলো ব্যাংকক, মালয়েশিয়া, নেপালে করতে হবে।নায়িকা নেওয়ার ব্যাপারে আপনি নাকি শুধুই অপুর কথা বলেন?শাকিব হাসলেন, তাহলে মিম, শখ, বিন্দু, তিন্নি কীভাবে আমার সঙ্গে ছবিতে কাজ করল। আসলে অপুকে কিন্তু নির্মাতারাই নেন। আমার আর অপুর অনেক ছবি ব্যবসাসফল হয়েছে। এ জন্য প্রযোজকেরাই এসে বলেন, ‘ভাই, অপুকে নেব।’ আমি বরং মাঝেমধ্যে বিরতি দিই। নতুন নতুন শিল্পী নিতে বলি। অথবা বলি অন্য শিল্পী দেখতে।অভিনয়শিল্পীরা যাঁরা জনপ্রিয়তার তুঙ্গে থাকেন, তাঁরা একসময় ছবি প্রযোজনা করেছেন। যেমন রাজ্জাক, শাবানা, আলমগীর, মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, মান্না। আপনি কবে শুরু করছেন?২০১২ সালে আমি ছবি প্রযোজনা করব। এখন করতে পারব না এ কারণে যে নিজে ছবি প্রযোজনা করতে গেলে বছরে তখন আটটি ছবি করতে হবে আমাকে। কারণ হচ্ছে, নিজের ছবির জন্য আমাকে দ্বিগুণ সময় দিতে হবে। এ জন্য চাইছি একটু গুছিয়ে নিতে।দেশে ভারতীয় ছবি আমদানির কথা উঠেছে। ভারতীয় ছবি আসার ব্যাপার নিয়ে কি চিন্তিত?দেখুন, ভারতীয় ছবি এনে নিজেদের শূন্যতা পূরণ করতে চাইছেন আপনি, এর চেয়ে লজ্জার ব্যাপার আর কিছু কি হতে পারে? আমার কথা হচ্ছে, আমরা নিজেরা কেন কিছু করতে পারব না? আপনি জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোয় যান, সেখানে কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষে যাওয়া সম্ভব নয়। ভারতীয় ছবি এলেই যে তাঁরা প্রেক্ষাগৃহে যাবেন, এটা কিন্তু আমি মনে করি না। আগে প্রেক্ষাগৃহ উন্নত করুন, তারপর দেখুন বাংলা ছবি দর্শক দেখে কি না। আর ভারতীয় ছবি এলে তো আমাদের শিল্প বড় ধরনের ধাক্কা খাবে। ফলে এতে শুধু আমি কেন, সবাই চিন্তিত হবে, এটাই স্বাভাবিক।বিয়ে করছেন কবে?ভেবেছিলাম পাঁচ বছর পর বিয়ে করব। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি, ২০১২ সালেই বিয়ে করব।তিনি কি বিনোদন অঙ্গনের কেউ?হতে পারে। নাও হতে পারে।সামনের পরিকল্পনা কী?কাজ যেভাবে করছি, সেভাবেই চালিয়ে যাব। তবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল আর ফাইনালের খেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে।পরিচালকের ডাক এল। শাকিব শুটিংয়ে চলে গেলেন।