শাকিবের যুদ্ধ
অভিনয়ের এক যুগ পার করছেন শাকিব খান। কত না রেকর্ড করেছেন তিনি। একটু ফিরিস্তি দিই।একই ঈদে পাঁচটি ছবি নিয়ে এসে পাঁচটিতেই সফল হয়েছেন।বাংলাদেশের প্রায় ৭০০ প্রেক্ষাগৃহেই তাঁর ছবি প্রদর্শন করা হয়েছে।পারিশ্রমিক নিয়েছেন অভাবনীয়। এত এত যাঁর রেকর্ড, সেই মানুষটি এখন কেমন আছেন?পুরো চলচ্চিত্র শিল্পের অবস্থাই তো বেহাল। একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। প্রযোজকেরা ব্যবসা ছেড়ে চলে গেছেন। তাহলে কি শাকিব খান আর পারছেন না?এই প্রতিকূলতার বিরুদ্ধেই শাকিবকে এখন যুদ্ধ করতে হচ্ছে। শাকিবের ওপর আস্থা রেখে এখনো কিছু প্রযোজক দেড় থেকে দুই কোটি টাকার বাজি ধরে ছবি বানাচ্ছেন। শাকিব এই ছবিগুলো নিয়েই চলচ্চিত্র শিল্পের মোড় ঘোরানোর চেষ্টা করছেন।একটা ছোটখাটো ধাক্কাও খেয়েছেন তিনি। আগের মতো সেই তেজ যেন নেই। এখন তিনি অনেক বিনয়ী। নির্মাতাদের আর ঘোরান না। যদিও বা আগামী বছরের বেশির ভাগ শিডিউল বিক্রি করা আছে তাঁর, তবুও কি শাকিব একটু শঙ্কিত?অবশ্য কথাটি মানতেই চান না শাকিব। তিনি বলেন, সবারই আসলে একটা খারাপ সময় যায়। তার মানে এই নয় যে এটাই স্থিতিশীল। এই অবস্থার পরিবর্তন হবে। তখন আবার বদলে যাবে সবকিছু। শাকিব আশাবাদী মানুষ সন্দেহ নেই। কিন্তু চলতি বছরের ছয় মাস চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাঁর একটি ছবিও ব্যবসাসফল হলো না। সামনে কোনো ছবি দিয়ে আশার আলো দেখা যাবে, সে কথা শাকিব খানও বলতে পারেননি। কিছুটা ভুল স্বীকার করে বলেছেন, ‘অনুরোধের ঢেঁকি গিলেছিলাম। তারই মাশুল দিচ্ছি। কিন্তু ভবিষ্যতে যে ছবিগুলো মুক্তি পাবে, সেগুলো বড় বাজেটের। এসব ছবি দর্শক দেখবেই দেখবে।’শাকিবের এই প্রত্যাশা পূরণ হবে, নাকি বক্স অফিসে শাকিবের প্রত্যাশার প্রদীপ নিভে যাবে, তা সময়ই বলে দেবে।জানতেই চাইলাম, শাকিব, সিনেমার চাকচিক্য তো কমে যাচ্ছে। আগের মতো জৌলুসও নেই। এখন আর নিশ্চয়ই ভোরবেলা থেকে আপনার দরজার কড়া নাড়ে না পরিচালক-প্রযোজকরা? আপনি এই বাস্তবতাকে কীভাবে দেখেন?‘খুবই স্বাভাবিকভাবে দেখি। এখন একটা বাজে সময় যাচ্ছে। এর আগে আমি আগামী বছর পর্যন্ত যে শিডিউলের টাকা নিয়ে রেখেছি, সেগুলোর কাজই তো শেষ করতে পারিনি। তাই নতুন করে কেউ টাকা নিয়ে এল কি এল না তা নিয়ে ভাবি না। ভাবনা একটাই, কীভাবে চলচ্চিত্র আবার জাগবে?’আসলে কী জাগবে?শাকিবের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। শাকিব উত্তর দেন না।আবার জানতে চাইলাম, ক্যারিয়ারের স্বর্ণ শিখরে এসে এখন নতুন একটা যুদ্ধ করতে হচ্ছে, তাই না?শাকিব মাথা দোলালেন। ‘যুদ্ধ তো শুরু করেছিলাম শুরু থেকেই। এরপর অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ। জয় করলাম। শীর্ষ নায়কের সম্মান পেলাম। এখন অদৃশ্য এক শক্তির সঙ্গে যুদ্ধ করছি। দর্শককে প্রেক্ষাগৃহমুখী করার যুদ্ধে নেমেছি।’শাকিবের চারপাশের বাতাসে যেন অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। অক্সিজেন হিসেবে চাই একটা ব্যবসাসফল ছবি। শাকিব এবার বেশ হাসিখুশি হয়েই বললেন, ‘আগামীকাল সন্তানের মত সন্তান ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটি নিয়ে আশা করতে পারি। ঈদে আমার পাঁচটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ঈদ থেকে চলচ্চিত্র শিল্পটা ঘুরে দাঁড়াবে।’অনেক সমস্যার মধ্যেই ২০১১-২০১২ সালে শাকিবের আধিপত্য ছিল এই শিল্পে। পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা জনপ্রিয় নায়কের পুরস্কার। বললেন, ‘কিং খান ছবিটির যখন গল্প শুনলাম, তখন মনে হয়েছিল এটা একটা গতানুগতিক গল্পের ছবি। কিন্তু ছবিটির ডাবিংয়ে দেখলাম যে এটি দর্শকনন্দিত হবে। হয়েছেও তাই। তবে এই ছবি যে আমাকে এমন একটি পুরস্কার পর্যন্ত এনে দেবে, এটা ভাবিনি।এবার আসি শাকিবের ব্যক্তিজীবনে।অনেক বিষয়ে দেখা যায়, অপু বিশ্বাসের ওপর শাকিবের নজরদারি। অপুর জন্য শাকিব যেকোনো বিষয়ে ছুটে আসেন, যে কারও সঙ্গে মারামারি পর্যন্ত গড়ায় কখনো কখনো। অপুর আমন্ত্রণে বগুড়ায় গিয়ে অপুর বাড়িতে নিমন্ত্রণ নেওয়া—সব মিলিয়ে এখন মনে হয় যে শাকিব-অপুর মধ্যে কোনো একটা সম্পর্ক আছে।কথাগুলো যখন বলছিলাম, তখন শাকিবের চোখের পাতা পড়ছিল ঘন ঘন। একটু একটু ঘামছিলেনও। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটি কিন্তু তখন বেশ ঠান্ডা। শাকিব আমার প্রশ্নের কিছু অংশ মেনে নিলেন। কিছুটা এড়িয়ে গেলেন। ‘দুজনে সারাক্ষণ একসঙ্গে কাজ করতে করতে একধরনের সম্পর্ক তো হয়েছেই। আমি জানি না এই সম্পর্ককে প্রেম নাকি বন্ধুত্ব বলে। এটা ঠিক, আমি ওর বেশ কিছু বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে ও আমার সবচেয়ে বেশি ছবির নায়িকা। ওর ইমেজের সঙ্গে আমার ক্যারিয়ার জড়িত। ওর বাড়িতে যাওয়া নিয়ে কেউ যদি বলেন যে হবু স্ত্রীর বাড়িতে গেলাম, এটাকে এভাবে না ভেবে বরং বলা উচিত সহকর্মীর বাড়িতে গেলাম। আর বিয়ের ব্যাপারটা আসলে দেখুন বলেকয়ে কিছু হবে না। কপালে লেখা হবে যাকে নিয়ে, তাকেই বিয়ে করব। যেমন একটা কথা বলি, একজন মডেল ও টিভি অভিনেত্রীর সঙ্গে আমার দুই বছরের প্রেম ছিল। একদিন তো ঠিক করেছিলাম, বিয়ে করে ফেলব। বাড়ি থেকে মেয়েটি সেভাবে বেরিয়েও এসেছিল। কিন্তু কেন জানি মনটা সায় দিল না। ওকে আমি বাড়ি পৌঁছে দিলাম। ওর এখন বিয়ে হয়ে গেছে। আবার একটি মেয়েকে পছন্দ হতো, আমি জানি বললেই ও আমাকে বিয়ে করতে রাজি হবে। আমাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। তারপর আবার থেমে গেল। এখানে একটা কথা আমাকে মাথায় রাখতে হয়, সবার ওপরে আমার মাথায় আছেন মা। ফলে আমি চাইলেই যে সবকিছু হয়ে যাবে, তাও কিন্তু নয়।’শাকিব কৌশলী হয়ে কথাগুলো বলেছেন ঠিকই। একজন মডেল ও অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর অপুর দিকে ঝুঁকেছেন, সে কথা অনেকেরই জানা। তবে শোনা যায়, শেষ দুই মাসে আবার নাকি টিভির সেই অভিনয়শিল্পীর সঙ্গে তাঁর সম্পর্কটা জোড়া লেগেছে। আসলে কোনটা ঠিক?শাকিবকে বললাম ক্যারিয়ার বাঁচাতে এবং জীবনসঙ্গী খুঁজতে ভালো যুদ্ধই করতে হচ্ছে, কী বলেন?শাকিব এবার হেসে দিলেন। বললেন, ‘যুদ্ধ করছি এবং যুদ্ধ করে দুটো বিষয়েই জয়ী হয়ে পুরো আনন্দটা উপভোগ করতে চাই।’