শাকিবের সঙ্গে কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান ছবি: আনন্দ
শাকিব খান ছবি: আনন্দ

আমরা কী জানতে চাইছি, তা অনুমান করেই তিনি বলে ফেললেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় খেলোয়াড় নেইমার। তবে আর্জেন্টিনার মেসির খেলাও আমার ভালো লাগে। আসলে ছন্দময় ফুটবল কার না ভালো লাগে, বলেন!’
খেলা দেখেন কখন? শুটিংয়ে সমস্যা হয় না?
‘শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও বিশ্বকাপ খেলা মিস করতে চাই না আমি। সেটা যদি ব্রাজিলের খেলা হয়, তবে তো কথাই নেই। এই সোমবারেও রাত জেগে উপভোগ করেছি প্রিয় দলের খেলা। ক্যামেরুনের সঙ্গে খেলা ছিল৷ নেইমার দারুণ খেলেছেন৷’ তারপর একটু থেমে বললেন, ‘এমনও হয়েছে, শুটিং ইউনিটের সবাইকে নিয়ে একসঙ্গে খেলা দেখেছি। এখন চারপাশে সবাই যেভাবে বিশ্বকাপ ফুটবল-জ্বরে আক্রান্ত, আমিও তার বাইরে নই।’
ঠিক আছে, ফুটবল তো আছেই৷ কিন্তু এখন শাকিব আসলে কী নিয়ে ব্যস্ত, তাও তো জানা দরকার৷ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে প্রোডাকশন থেকে বড় বাজেটের হিরো দ্য সুপারস্টার ছবিটি নির্মাণ করছেন তিনি। কে না জানে, চলচ্চিত্র বাজারে এখন মন্দা৷ এই দুঃসময়ে বড় বাজেটের ছবি কেন?
শাকিব বললেন, ‘যেকোনো কাজেই ঝুঁকি থাকে, আবার সফলতাও থাকে। আমি ছবিটি নির্মাণ করছি “নো রিস্ক নো গেইন”—এই মনে করে। এখন তো ডিজিটালের নামে একেবারে ছোট বাজেটের ছবিও নির্মাণ করা হচ্ছে। সেখানে কি সব ছবিরই ব্যবসা হচ্ছে? আমার মনে হয় না। বেশির ভাগ ছবি থেকে আসল টাকা ঘরে ফিরছে না। দেখেন, তার পরও কিন্তু একাধিক ছবির কাজ হচ্ছে।’
আপনি বলছেন কম বাজেটের ছবিও ব্যবসাসফল হচ্ছে না। তার পরও কেন বড় বাজেট নিয়ে কাজ শুরু করেছেন আপনি...
‘পৃথিবীর সব দেশেই ভালো-খারাপ ছবি নির্মাণ করা হয়। হডিউড, বলিউডেও কিন্তু সব ছবির ব্যবসা হচ্ছে না। দেখবেন, বছরে হাতে গোনা কয়েকটি ছবি ভালো ব্যবসা করে৷ আমাদের এখানে ব্যতিক্রম না। ভালো ছবি দেখতে দর্শক আসবেই। আর এ জন্য দরকার বড় বাজেট, ভালো গল্প, উন্নত কারিগরি দিক। আমি আমার ছবিতে এর সবকিছুই রাখতে চেষ্টা করেছি৷ আমার বিশ্বাস, এই যাত্রায় অনেক প্রযোজকই শরিক হবেন।’
আপনি কি মনে করেন ঢাকার চলচ্চিত্রে এর প্রভাব পড়বে?
‘ইতিমধ্যে পড়া শুরু হয়ে গেছে। হিরো দ্য সুপারস্টার ছবির শুটিং চলাকালে আমি এ ধরনের বাজেটের আরও দুটি ছবি রাজা হ্যান্ডসাম ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। হিরো দ্য সুপারস্টার ছবিটি মুক্তি দিতে চাই রোজার ঈদে। ছবির শুটিং যখন শুরু হয়েছে, তখন থেকেই অনেক হলমালিক বুকিং নিয়ে কথাবার্তা শুরু করেছেন।’
এখন থেকে কি নিয়মিতই ছবি প্রযোজনা করবেন?
‘আমি নিজেকে একজন অভিনয়শিল্পী হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। অভিনয়ই করে যেতে চাই। পাশাপাশি ছবি প্রযোজনাও করব। তবে বেশি না, বছরে দুটি। বছরে নিজের দুটি ছবিতে আর বাইরের দুটি ছবিতে অভিনয় করব।’
প্রযোজনায় কি এসেছেন নিজের পড়ন্তবেলা টের পেয়ে?
শাকিবের মুখে হািস৷ ‘সেটা দর্শকই ভালো বলতেন পারবেন। আমি আসলে ওই চিন্তা মাথায় রেখে প্রযোজনায় আসিনি। আমি চলচ্চিত্র থেকে অর্থ উপার্জন করেছি, সেই অর্থ চলচ্চিত্রেই বিনিয়োগ করতে চাই। চলচ্চিত্রে ভালো কিছু করার আগ্রহ নিয়েই কাজটি শুরু করেছি। বলিউডেও কি এটা দেখা যায় না?’
নতুন প্রজন্মের একঝাঁক ছেলেমেয়ে ইতিমধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। তাঁদের আগমনে নিজের অবস্থানকে কীভাবে দেখছেন?
‘তাঁদের আগমনে চলচ্চিত্রের কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে। তাঁরা কাজ করছেন, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবেন। তবে আমি নিজেকে কারও সঙ্গে প্রতিযোগিতায় জড়াই না। টম ক্রুজ, আমির খান, শাহরুখ খান, সালমান খানদের ছোটবেলা থেকেই দেখে আসছি। এখনো তাঁরা সমান জনপ্রিয়। দর্শকদের ভালোবাসায় এখনো আমি কাজ করে যেতে পারছি। যতবারই পুরস্কার পাচ্ছি, ততবারই আরও ভালো কাজ এসে হাতছানি দিচ্ছে। এবং সেই নেশাটা মাথায় নিয়েই এগোচ্ছি।’