শাকিরার ওয়াকা ওয়াকা
প্রথম আফ্রিকান ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেমটি এবার গাইলেন লাতিন আমেরিকান গায়িকা শাকিরা। আর তাঁর মিউজিক ভিডিওতে অংশ লিওনেল মেসি, দানি আলভেস, রাফায়েল মারকুয়েজ, জেরার্ড, কার্লোস কামেনির মতো তারকারা। বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম নিয়েই এ আয়োজন।কোকা-কোলা তাদের বিশ্বকাপ প্রচারণায় ব্যবহার করছে সোমালীয় বংশোদ্ভূত কানাডীয় হিপহপ গায়ক কেনানের গান। ‘ওয়েভিং ফ্ল্যাগ’ শিরোনামের ‘হোয়েন আই গেট ওল্ডার, আই উইল বি স্ট্রঙ্গার’ গানটি মিডিয়ার কল্যাণে এর মধ্যেই আন-অফিশিয়াল থিম সং হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশের ফুটবলভক্তদের কাছেও বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে এ গানটি। তবে ফিফা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, সাউথ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম কেনান নন, গাইছেন শাকিরা। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকান ব্যান্ড ফ্রেশলিগ্রাউন্ডকে নিয়ে কিক অফ কনসার্টে শাকিরা নেচেগেয়ে গানটি শুনিয়েছেন।‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ শিরোনামের গানটি লিখেছেন শাকিরা নিজেই। বোদ্ধারা বলছেন, গানটির আফ্রিকান রিদম আফ্রিকার অদম্য জীবনীশক্তি আর প্রাণপ্রাচুর্যের কথাই মনে করিয়ে দেয়। গানটিতে পাওয়া গেছে লাতিন আমেরিকার স্বাদ। তবে কেনানভক্তরা বলছেন, শাকিরার গানটি বাদ দিয়ে ‘ওয়েভিং ফ্ল্যাগ’কেই অফিশিয়াল অ্যান্থেমের মর্যাদা দেওয়া হোক। শাকিরার ভক্তরা বলছেন, ওয়েভিং ফ্ল্যাগ ভালো গান সন্দেহ নেই। তবে ‘ওয়াকা ওয়াকা’ তার চেয়েও ভালো। ফিফা একটু দেরি করে গানটি নির্বাচন করায় মিডিয়ায় ওয়েভিং ফ্ল্যাগের মতো প্রচারণা পায়নি। পেলে পাত্তাই পেত না কেনানের গানটি!কী হলে কী হতো, তা নিয়ে অবশ্য মোটেও মাথা ঘামাচ্ছেন না ফিফার সভাপতি সেপ ব্লাটার। শাকিরাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। দারুণ পছন্দ হয়েছে ওয়াকা ওয়াকা গানটি। বললেন, ‘গানটিতে আমি খুঁজে পেয়েছি আফ্রিকার সেই গতি, শক্তিমত্তা আর চিরচেনা প্রাণোচ্ছলতা। এ রকম একটি গানই আমরা খুঁজছিলাম বিশ্বকাপের জন্য। ফুটবলের জাগরণ সংগীতই পারে সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে। ওয়াকা ওয়াকা সেই কাজের জন্য একদম সঠিক।’ ইতিমধ্যেই ওয়াকা ওয়াকার (দিস টাইম ফর আফ্রিকা) মিউজিক ভিডিওটি দর্শকের কাছে দারুণ আকর্ষণীয় হিসেবে স্বীকৃত। শাকিরার অনবদ্য নাচের সঙ্গে আছেন মেসি, দানি আলভেজ, রাফায়েল মারকুয়েজ, জেরার্ড, কার্লোস কামেনির মতো মাঠ কাঁপানো ফুটবল-তারকারা।বিশ্বকাপে এটাই শাকিরার গাওয়া প্রথম গান। তবে অভিজ্ঞতাটা একেবারে নতুন নয়। বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবে এর মধ্যেই একটা জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান এই শিল্পী। গেয়েছেন নানা ভাষায়, নানা দেশে। ওয়াকা ওয়াকা তার সেই মুকুটে আরও একটি পালক যোগ করল সন্দেহ নেই। শাকিরা তাঁর অনুভূতি জানালেন, ‘ফুটবল হচ্ছে সেই খেলা, যা জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব সবাইকে নিয়ে আসে এক কাতারে। সেই খেলার বিশ্বকাপে আমার গান অফিশিয়াল অ্যান্থেম হিসেবে নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমার গানের মাধ্যমে ফুটবলের সেই মহিমা সবাইকে আরও একবার মনে করিয়ে দিতে চাই।’বিশ্বকাপের প্রাক্কালে শাকিরার গানটি বাণিজ্যিকভাবে বাজারে এসেছে লিসেন আপ! দ্য অফিশিয়াল ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যালবামে । ফিফা জানিয়েছে, এই অ্যালবাম থেকে পাওয়া অর্থ যাবে আফ্রিকার শিশুশিক্ষা ও চিকিৎসাকেন্দ্র ফুটবল ফর হোপের তহবিলে। বিশ্বকাপের মাসজুড়ে যেখানেই মাঠে গড়াবে ফুটবল, সেখানেই বাজবে শাকিরার ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)। ফুটবল আর সংগীত মিলে গাইবে জীবনের গান। পূরণ করবে লক্ষ্য, ‘ওয়ান গোল, এডুকেশন ফর অল’।পার্থ সরকারতথ্যসূত্র : ফিফা ডটকম ও ওয়েবসাইট