শাকিরার বিরুদ্ধে সাবেক প্রেমিকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো ডে লা রুয়ার ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়ার সঙ্গে টানা ১১ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন কলম্বীয় পপগায়িকা শাকিরা। সম্প্রতি শাকিরার বিরুদ্ধে আড়াই শ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দিয়েছেন সাবেক প্রেমিক অ্যান্টোনিও। সম্পর্ক ভেঙে গেলেও শাকিরা ও অ্যান্টোনিওর ব্যবসায়িক অংশীদারি এখনো বহাল আছে। ব্যবসার লাভের অংশ অ্যান্টোনিওকে দেওয়া বন্ধ করবেন না বলে কথা দিয়েছিলেন শাকিরা। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন অ্যান্টোনিও। এক খবরে এমনটিই জানিয়েছে হাফিংটন পোস্ট।অ্যান্টোনিও দাবি করেছেন, ‘শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ানোর পর প্রকাশনা ব্যবসা ছেড়ে দিয়েছিলাম। ধীরে ধীরে আমি তাঁর ব্যবসা দেখাশোনার কাজে মনোযোগী হয়ে পড়ি। একটা পর্যায়ে আমি তাঁর ব্যবসার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শুরু করি। এ দায়িত্ব পালন করতে গিয়ে আর সব কাজ বন্ধ করে দেওয়ায় আমাকে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়।’ অ্যান্টোনিও আরও বলেন, ‘বিশ্বের বৃহত্তম এন্টারটেইনমেন্ট কোম্পানি লাইভ নেশনের সঙ্গে প্রায় ১০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন শাকিরা। ব্যবসায়িক অংশীদার হিসেবে এই চুক্তি থেকে পাওয়া অর্থের ১৮ শতাংশ চাই আমি।’২০১০ সালের আগস্টে অ্যান্টোনিও ও শাকিরার প্রেমের অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরের বছরের জানুয়ারিতে এই বিচ্ছেদের ঘোষণা দেন শাকিরা। এখন তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের সঙ্গে প্রেম করছেন। চলতি বছরের সেপ্টেম্বরে শাকিরা নিশ্চিত করেন, প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন তাঁরা।