শাকিরার 'সোনালি ঝলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরাকে দেখা গেছে একপাল কুকুর নিয়ে গান গাইতে
শাকিরাকে দেখা গেছে একপাল কুকুর নিয়ে গান গাইতে

শাকিরাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। কলম্বিয়ান এই স্বর্ণকেশী গায়িকা তাঁর গায়কির মুনশিয়ানা আর সেই সঙ্গে নাচের দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কেড়েছেন অনেক আগেই। প্রথমে গান গাইতেন স্প্যানিশ ভাষায়, তারপর ইংরেজিতে। তবে প্রিয় স্প্যানিশ ভাষায় গান গাওয়া ছেড়ে দেননি। এই কয়েক দিন আগেই রিলিজ হলো শাকিরার ‘পেরো ফিয়েল’ গানের মিউজিক ভিডিও। যা হয় বরাবর, গানটি মুক্তি পাওয়ার পরপরই আবার আলোচনায় শাকিরা! চোখধাঁধানো সোনালি রঙের পোশাকে শরীর রাঙিয়ে নিজের ট্রেডমার্ক নাচে আবার ভক্ত-শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

‘পেরো ফিয়েল’ শব্দের অর্থ বিশ্বস্ত কুকুর। গানের শিরোনামের সঙ্গে মিল রাখতেই কি না কে জানে, এই গানে শাকিরাকে দেখা গেছে একপাল কুকুর নিয়ে গান গাইতে। নিকি জ্যামের সঙ্গে জুটি বেঁধে শাকিরার এই গানটি ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে দুই কোটির বেশিবার। ‘পেরো ফিয়েল’ গানটি মুক্তি পেয়েছিল আগেই, অফিশিয়াল ভিডিও মুক্তি পেল একটু দেরিতে।

শাকিরার জন্ম কলম্বিয়ায়। শুধু গান নয়, গান আর নাচ দুটোতেই ছোটবেলা থেকেই সমান পারদর্শী ছিলেন এই শিল্পী। লেখক বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র চার বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা আর সাত বছর বয়সে লিখেছিলেন প্রথম গান। তারপর টুকটাক গান শৈশবের চৌকাঠ পেরোনোর পর থেকেই গাইতেন। নিজের শহরের ছোট গণ্ডির ভেতর বেশ প্রশংসাও পান। তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পায় যখন, তখন তাঁর বয়স মাত্র ১৩। তারপর আস্তে আস্তে পরিশ্রম ও চেষ্টা দিয়ে উঠে এসেছেন এত দূর। নিজেকে পৌঁছে দিয়েছেন নতুন এক উচ্চতায়। শুধু গান গাওয়াই নয়, সারা বিশ্বে দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার জন্যও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই গায়িকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত তিনি, কাজের জন্য পেয়েছেন জাতিসংঘের পুরস্কার। ব্যক্তিগত জীবনে তিনি জুটি বেঁধেছেন স্পেনের জাতীয় দলের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে, যাঁর সঙ্গে পরিচয় হয় ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘ওয়াকা ওয়াকা’ গানের শুটিংয়ের সময়। পরিচয় থেকেই প্রণয়ের সূত্রপাত। ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে সেই সময় বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন শাকিরা। ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা গানের মধ্যে এটি অন্যতম।

নাজিয়া শারমিন

রোলিং স্টোন, বিলবোর্ড, ডেইলি মেইল, উইকিপিডিয়া অবলম্বনে