শাকিলার জন্মদিনে চমক

তখন রাত্রি নেমে গেছে। গঙ্গার নদীজলে ভেসে থাকা সাজানো প্রমোদতরি ‘ডিজায়ার’-এর ডেক আর ভেতরের খোলা ঘরটার সব আলো নেভানো। রাভি শর্মা তাঁর সহধর্মিণী শাকিলা স্মৃতির হাত ধরে নিয়ে এলেন ঘাটে ভেড়ানো প্রমোদতরিতে। সিঁড়ি বেয়ে ডেকে পা রাখতেই জ্বলে উঠল আলো। লাল শাড়ি জড়ানো শাকিলার চোখ মুহূর্তেই বিস্ময়ে পাথর। চোখে আনন্দাশ্রু। যেদিকেই চোখ ঘোরান তিনি, সেদিকেই তাঁর প্রিয় সব মানুষ। কণ্ঠে সবার একটাই গানের লাইন ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’। জন্মদিনে দেশের বাইরে এমন একটি চমক অপেক্ষা করছিল, তা যে শাকিলা স্মৃতি কস্মিনকালেও ভাবেননি, সেটা তাঁর মুখেই স্পষ্ট। শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম, ডলি ইকবাল, টুটলি রহমান, তপন চৌধুরী, আঁখি আলমগীর, দিনাত জাহান, শফিক তুহিন, রুমা, বেবী, রুনি, সস্ত্রীক ফয়েজ আহমেদসহ তাঁর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের প্রায় সবাই সেখানে উপস্থিত। সবাই এককাট্টা হয়েছেন শাকিলা স্মৃতিকে জন্মদিনে শুভাশীষ জানাতে। যেমনটা দেশে থাকাকালীনও ঘটেনি কখনো। এ যেন সিনেমার কোনো দৃশ্য, যার চিত্রনাট্য তৈরি করেছেন এবং পরিচালনা করেছেন তাঁর স্বামী রাভি শর্মা।

তাহলে সেই গল্পটাই শোনাই। সম্ভবত ফেব্রুয়ারির ১৩ তারিখ। মোবাইলে একটা ফোন। ফোন ধরতেই ওই প্রান্তে পরিচিত রাভি শর্মার কণ্ঠ; রাভি এখন থাকেন দিল্লি। বাংলা কম জানেন, কথা হলো ইংরেজি ও হিন্দিতেই। ফোনে তিনি যা বললেন, তার সারমর্ম হলো, ২৮ ফেব্রুয়ারি শাকিলার জন্মদিন। তিনি তাঁকে একটা চমক দিতে চান। তাই অনুরোধ, ২৭ তারিখ কলকাতায় সস্ত্রীক (আমার স্ত্রী দিনাত জাহান) যেন আসি। তিনি এটাও বললেন, বিষয়টি যেন গোপন থাকে। শাকিলাকেও না জানাই।
সমস্যা হলো, আমাদের ভিসা নেই। সময়ও কম। যেতে পারলে খুব ভালো হয়। শাকিলা আপা বলে কথা। পরদিনই ফোন দিলেন শিল্পী তপন চৌধুরী। তাঁর সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক। তিনিও রাভি শর্মার ফোন এবং গোপন পরিকল্পনাটির কথা জানালেন। কিন্তু তাঁরও ভিসা নেই। আমরা সিদ্ধান্ত নিলাম, যাব। ১৯ তারিখ ভিসার জন্য তিনজনের পাসপোর্ট জমা দিলাম। কিন্তু পাসপোর্ট গ্রহণ করার তারিখ পেলাম ২৬ ফেব্রুয়ারি। সময়মতো ভিসা পাব কি না, সে দোদুল্যমান শঙ্কা থেকে মুক্ত করল গীতিকবি শফিক তুহিন। তাঁর মাধ্যমে ২২ তারিখেই ভিসাসহ পাসপোর্ট পেলাম। রাভি শর্মাকে জানালাম, আমরা আসছি। তিনি মহাখুশি।
একদিন পরেই হোয়াটসঅ্যাপে এল শাকিলা আপাকে নিয়ে তাঁর স্বামী রাভি শর্মার লেখা গোপন পরিকল্পনার চিত্রনাট্য, যা তিনি শাকিলার প্রিয়জনদের (৪৭ জন) সবাইকেই পাঠিয়েছেন।
২৭ ফেব্রুয়ারি কলকাতায় নেমে একটি পাঁচতারকা হোটেলে ঢোকার সময় থেকে পরদিন দুপুর পর্যন্ত আমরাও বিস্মিত প্রিয় সব মুখ এক এক করে দেখতে পেয়ে, যাঁদের সবাইকে একসঙ্গে পাওয়া ঢাকায়ও অসম্ভব।
২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে এক এক করে হোটেল লবিতে মিলিত হলাম আমরা। সবাইকে সমন্বয় করে গঙ্গা ঘাট পর্যন্ত নেওয়ার দায়িত্ব আগে থেকেই দেওয়া ছিল রাভি শর্মার ভাতিজা সাজাদ জৈনকে। বাইরে অপেক্ষমাণ ১০টি জিপগাড়িতে চড়ে ছয়টার মধ্যেই আমরা উপস্থিত গঙ্গাঘাটে। সেখানে দাঁড়িয়ে থাকা চমৎকার করে সাজানো প্রমোদতরিটি কিছুক্ষণের মধ্যেই হয়ে উঠল কোলাহলমুখর। ভেতরের ঘরে রাখা টেবিলে জন্মদিনের বিশাল কেক। চারপাশে ফুল ছড়ানো। আর ওপরের ডেকে খাবারের সুব্যবস্থা। ঠিক সন্ধ্যা সাতটায় ঘটে গেল এই আয়োজনের শেষ দৃশ্য। রাভি শর্মার চিত্রনাট্য অনুযায়ী শাকিলা স্মৃতিকে অভ্যর্থনা জানানো হলো কলাবতী রাগে করা পণ্ডিত রবিশঙ্করের কম্পোজিশন, ‘স্বাগতম’-এর সঙ্গে কলকাতার একদল নৃত্যশিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে। এটির নির্দেশনায় ছিলেন কলকাতার নন্দিত নৃত্যপরিচালক সুকল্যাণ ভট্টাচার্য। আনন্দঘন কেক কাটা পর্ব আর নাচের পর গান তো হতে হবেই। এলেন তপন চৌধুরী। কণ্ঠে ‘তুমি আমার প্রথম সকাল’, তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিলা স্মৃতি। এরপর এক এক করে দিনাত জাহান ও আঁখি আলমগীর—সবাই গাইলেন আরও কিছু গান।
কীভাবে এ রকম একটা পরিকল্পনা মাথায় এল—রাভির উদ্দেশে প্রশ্নটা ছিল সবার। তিনি বললেন, ‘আসলে শাকিলাকে যখন জিজ্ঞেস করলাম, তোমার জন্মদিনটা বাইরে কোথাও সেলিব্রেট করি। ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর অনেক দেশের নামই বললাম। কিন্তু ও তখন বলল, চলো কলকাতা যাই। কলকাতা শুনেই এই পরিকল্পনাটি আমার মাথায় এল।’
আনন্দমিশ্রিত কান্নায় শাকিলা জানালেন তাঁর অনুভূতি, ‘আমার জীবনে প্রথমবারের মতো এমন জন্মদিন পালন, যা আমার জন্য হৃদয়ছোঁয়া অপ্রত্যাশিত চমক। আমি ভাষাহীন।’
গঙ্গায় নেমে আসা সেই রাতটায় নূপুর নিক্বণ আর সুরের আবহে চার ঘণ্টার নদীভ্রমণ ছিল সেদিন উপস্থিত সবার জন্য স্মরণীয় একটি দিন।