শাকিলের 'ফেরা না-ফেরার গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘ফেরা না-ফেরার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘ফেরা না-ফেরার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়

কবি হিসেবে সুনাম ছিল মাহবুবুল হক শাকিলের। গত ৬ ডিসেম্বর আকস্মিকভাবে তিনি পাড়ি জমান অদেখা ভুবনে। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন ছয়টি গল্প। সেগুলো নিয়ে গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ ‘ফেরা না-ফেরার গল্প’।

গতকাল মাহবুবুল হক শাকিলের ‘ফেরা না-ফেরার গল্প’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি ঘোষণা দিয়েছেন, মাহবুবুল হক শাকিলের তিনটি কাব্যগ্রন্থ ও এই গল্পগ্রন্থটি নিয়ে তাঁর রচনাসমগ্র প্রকাশ করবে বাংলা একাডেমি। শাকিলের গল্প নিয়ে কথা বলেন, তিন খ্যাতিমান কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন ও মঈনুল আহসান সাবের। বক্তব্য দেন শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক। স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
শামসুজ্জামান খান বলেন, সব প্রকাশনীই শাকিলের বইগুলোর সংকলন প্রকাশে এগিয়ে আসবে। তবে বাংলা একাডেমি করলে লেখক হিসেবে শাকিলের একটি জাতীয় স্বীকৃতি আসবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে যদি সবগুলো বইয়ের সফট কপি পাওয়া যায়, কাজটি এই মেলাতেই করা সম্ভব। সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘শাকিলের কবিতার বইয়ের ভূমিকা লিখতে গিয়ে বুঝলাম সে অনেক বড় মাপের লেখক। সে প্রচারের না, ছিল স্নেহের কাঙাল। যেকোনো মানুষকে সহজে আপন করে নেওয়ার মতো অসম্ভব ক্ষমতা ছিল তাঁর। বন্ধু ও গুরুজনদের কাছ থেকে নিজের সব দাবি আদায় করে নেওয়ার মতো গুণ ছিল তাঁর। ইমদাদুল হক মিলন বলেন, ‘শাকিল তাঁর সৃষ্ট সাহিত্যকর্মের মাঝে আজীবন এ দেশের সাহিত্যাঙ্গনে অমর হয়ে থাকবেন। তার মাঝে বিস্ময়কর প্রতিভা ছিল। বেঁচে থাকলে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের সাহিত্যিক হতে পারতো শাকিল।’ মঈনুল আহসান সাবের কবি মাহবুবুল হক শাকিলের নামে সাহিত্য পুরস্কার প্রবর্তনের প্রস্তাব করেন।
‘ফেরা না-ফেরার গল্প’-গুলোতে মূর্ত হয়ে উঠেছে চারপাশের বাস্তবতা, বন্ধুত্ব, দেশপ্রেম, জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা, শেকড় চ্যুত মানুষের একাকিত্ব ও যন্ত্রণা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।