শাকুর শাহর 'মিউজ অব মিথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে ‘মিউজ অব মিথ’ প্রদর্শনীর চিত্রকর্ম দেখছেন (বাঁ থেকে) ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, সৈয়দ শামসুল হক ও শিল্পী আবদুস শাকুর শাহ
বেঙ্গল গ্যালারিতে ‘মিউজ অব মিথ’ প্রদর্শনীর চিত্রকর্ম দেখছেন (বাঁ থেকে) ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, সৈয়দ শামসুল হক ও শিল্পী আবদুস শাকুর শাহ

ক্যানভাসে ছড়িয়ে-ছিটিয়ে আছে চিরন্তন বাংলার লোকগাথা, ফুল, পাখি, টেরাকোটার নান্দনিকতা, কাঁথাশিল্পের আলংকারিক উপাখ্যান। কিছু ক্যানভাসে আছে কাগজ দিয়ে করা ছোট আকৃতির নানা কোলাজ—জাপানের পত্রপত্রিকা কেটে লাগানো সেখানে। এভাবে ঐতিহ্য আর উত্তর-আধুনিক শিল্পভাবনা মিলেমিশে সৃষ্টি করেছে অন্য এক জগৎ। এমনটাই প্রাথমিকভাবে ধরা পড়ল গতকাল শুক্রবার শুরু হওয়া শিল্পী আবদুস শাকুর শাহর একক চিত্র প্রদর্শনীর চিত্রকর্মে।
প্রদর্শনীর শিরোনাম ‘মিউজ অব মিথ’। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এ গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের। অনুষ্ঠানের শিল্পী এবং দুই অতিথি ছাড়া আরও বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
‘মিউজ অব মিথ’ ২২তম প্রদর্শনী। যেখানে শিল্পীর অ্যাক্রিলিক, ড্রয়িং, জলরং এবং কোলাজ মাধ্যমে করা মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৫০টি।
কোলাজে করা কয়েকটি শিল্পকর্ম ছাড়া অন্য প্রায় সব কাজের চিত্রভাষা সহজ, দেখা মাত্রই দর্শক বুঝে নিতে পারেন কী বলতে চাইছেন শিল্পী। তারপরও কি বোঝা যায়? চেনা জগৎটাই রঙের কারুকাজে হয়ে ওঠে অনন্য। চোখ-জুড়ানো উজ্জ্বল রঙের ক্যানভাসে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা, প্রাচীন কাব্য ফুটে উঠেছে। বারবার উঠে এসেছে টেরাকোটা, নকশিকাঁথা এবং পটচিত্রের মতো লোকজ সংস্কৃতি থেকে নেওয়া নানা মোটিফ। ছবির অংশ হিসেবে ক্যানভাসের নিচে শিল্পী জুড়ে দিয়েছেন দেশজ নানা প্রাচীন গল্প এবং গীতিকাব্য থেকে আহরিত অংশবিশেষের লিপি।
শিল্পী আবদুস শাকুর শাহ ১৯৪৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এর আগে ২১টি একক প্রদর্শনী ছাড়াও বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি ২০০৮ সালে এস এম সুলতান পদক এবং ২০১৪ সালে জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় পদকসহ আরও অনেক পুরস্কার লাভ করেছেন।
গতকাল শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।