
অভিনয়শিল্পী সুমন পাটওয়ারীকে তাঁর বন্ধুদের অনেকেই ডাকেন ‘বড় চাচা’ বলে৷ এর পেছনে আছে এক মজার গল্প৷ সুমনের ব্যাপারে তাঁর প্রয়াত বন্ধু ও সহকর্মী টুশীর মন্তব্যটা ছিল এমন: ‘সুমন তো কখনো বিয়ে করবে না, একদিন ওর অনেক টাকাপয়সা হবে৷ ঠিক হুমায়ূন আহমেদের “বড় চাচা”র মতো৷ আর সে সময় আমার বাচ্চাদের ওর কাছে পাঠিয়ে দেব৷’ টুশীর মৃত্যুর পর বন্ধুদের অনেকেই তাঁকে টুশীর দেওয়া নাম ‘বড় চাচা’ বলেই ডাকতে শুরু করেন৷
অভিনয়ে তেমন কোনো আগ্রহ না থাকলেও এ শিল্পীর অভিনেতা বনে যাওয়া অনেকটা প্রিয় মানুষদের অনুরোধে ঢেঁকি গেলার মধ্যে দিয়েই৷ তাঁর মা অবশ্য চাইতেন তিনি অভিনয় করুন৷ ২০০৬ সালে মা ক্যানসারে আক্রান্ত হলে সুমন অভিনয়ের কথা ভাবা শুরু করেন৷ অসুস্থ মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে স্বেচ্ছায় অভিনয়শিল্পীর খাতায় নাম লেখান তিনি৷
সুমন পাটওয়ারীর কথায়, তিনিই পৃথিবীতে একমাত্র মোটা মানুষ, যাকে ‘মোটা’ বলে কেউ খ্যাপাতে পারে না৷ বন্ধুবান্ধব আর কাছের মানুষেরা অনেক সময় সেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷
অনেকেই হয়তো জানেন না যে সুমন পাটওয়ারী পুরোদস্তুর একজন শাড়ি ব্যবসায়ী ছিলেন৷ তাঁর অনেক গুণের মধ্যে একটি হলো, তিনি শাড়ি কেনা আর ভাঁজ করায় মেয়েদের চেয়ে পারদর্শী৷ আর সে কারণেই কিনা নিজের কাছের বন্ধুবান্ধব আর অফিসের সহকর্মীদের বিয়ের শাড়ি কেনার দায়িত্ব তাঁর জন্য অনেকটা বাধ্যতামূলক৷ তাঁর ভাষায়, ‘শাড়ির ব্যাপারে আপনি আমাকে একজন পিএইচডি বলতে পারেন, হা হা হা৷’
ছোটবেলা থেকেই বইয়ের পোকা৷ পুরো বািড়কেই আস্ত একটা লাইব্রেরি বানিয়ে ফেলেছেন৷ বসার ঘর, শোয়ার ঘর থেকে শুরু করে খাবার ঘর, এমনকি বাথরুমের মধ্যেও সাজিয়ে রেখেছেন থরে থরে বই৷ উদ্দেশ্য, হাত বাড়ালেই যেন বই পাওয়া যায়৷
পড়াশোনার ব্যাপারে সুমন পাটওয়ারীর অনাগ্রহ এতটাই তীব্র ছিল যে তাঁর বাবার ধারণা ছিল, স্কুলের টেবিল-চেয়ার পাস করে গেলেও সুমন কখনোই মাধ্যমিক পরীক্ষায় পাস করবেন না৷ বাবার সে ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করে সুমন ঠিকই সেই পরীক্ষায় পাস করে ফেলেছিলেন৷ মজার আরেকটি তথ্য হলো, সুমনের ভাষ্যমতে, তিনিই একমাত্র ছাত্র, যিনি সবচেয়ে কম পড়াশোনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন৷ একটা একটা করে প্রশ্নের উত্তর শিখে যাওয়ার পর সেই প্রশ্নকেই পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাওয়ার মতো দারুণ সৌভাগ্য হয়েছে তাঁর৷
সুমন পাটওয়ারীকে একজন অভিনেতা হিসেবে চিনলেও ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল, বড় হয়ে তিনি একজন নামকরা সংগীতশিল্পী হবেন৷ সেই স্বপ্ন এখনো অপূর্ণ থেকে গেলেও সুমনের ইচ্ছা, একদিন সব ছেড়েছুড়ে পুরোদস্তুর সংগীতশিল্পী হয়ে যাবেন৷
গ্রন্থনা: আবদুল ওয়াজেদ