শাড়িতে সোনাক্ষীকে কেমন লাগে?

বলিউডের অভিনেত্রী শত্রুঘ্ন-তনয়া সোনাক্ষী সিনহা তাঁর অভিনীত অধিকাংশ ছবিতেই শাড়ি পরেছেন। বলিউডের অন্য অভিনেত্রীরা যেখানে নানা ঢঙের পোশাক পরেন, সেখানে সোনাক্ষীর এ শাড়িপ্রীতির রহস্য কী?
এ প্রসঙ্গে সোনাক্ষীর ভাষ্য, ‘শাড়ির প্রতি আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকে। মাকে যখন শাড়ি পরতে দেখেছি, তখন আমারও শাড়ি পরতে ভীষণ ইচ্ছা হতো।’
শাড়ি প্রসঙ্গে সোনাক্ষী আরও বলেন, ‘আমার মনে হয়, শাড়িই মেয়েদের সবচেয়ে সুন্দর পোশাক।’
২৬ বছর বয়সী ‘দাবাং’খ্যাত সোনাক্ষী জানান, ছোটবেলা থেকেই শাড়ির প্রতি দুর্বল তিনি। তাঁর মা পুনম সিনহাকে দেখে শাড়ির প্রতি আগ্রহ জন্মে তাঁর। বর্তমানে পেশাদারি কাজের ক্ষেত্রেও তিনি এর চল ধরে রেখেছেন।এনডিটিভিকে সোনাক্ষী জানান, তাঁর প্রথম চলচ্চিত্র ‘দাবাং’-এ খুব সাধারণ শাড়ি পরা মেয়ে হিসেবে তাঁকে দেখানো হয়েছিল। শাড়ির প্রতি দুর্বলতা থাকলেও একা একা ভালো করে শাড়ি পরতেই পারেন না তিনি। তবে চেষ্টা করলে এখন একা একা শাড়ি পরতে পারবেন বলেও মনে করেন তিনি।
সোনাক্ষী বলেন, ‘শাড়ি পরতে না পারলেও আমি খুব ভালো করে তা সামলে রাখতে পারি। আর শাড়িতে আমাকে মানায় বেশ। এ ধরনের মন্তব্য আমি অনেক শুনেছি। তাই শাড়িই আমার কাছে প্রিয়। অনেকে বলেন, শাড়ি বয়স্কাদের পোশাক। কিন্তু নতুন প্রজন্মের একজন হয়েও আমি শাড়ি পরে প্রশংসিত হয়েছি।’
‘দাবাং’, ‘সন অব সরদার’, ‘রাওডি রাঠোর’-এর মতো সর্বশেষ ‘লুটেরা’ চলচ্চিত্রেও সোনাক্ষীর শাড়ি-কাহিনি এগিয়েই চলেছে।