শান্তনু বিশ্বাসের ‘পোস্টম্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সর্বকনিষ্ঠ শব্দসৈনিক শান্তনু বিশ্বাসের একক গানের অ্যালবাম পোস্টম্যান-এর মোড়ক উন্মোচন হলো গতকাল শনিবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, ‘শান্তনুর কণ্ঠ ভীষণ আলাদা। শুনে মনে হয়, তিনি যা বলছেন তা যেন গভীর বিশ্বাস থেকে বলছেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং অ্যালবামের প্রকাশক অগ্নিবীণা ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া। অগ্নিবীণা থেকে প্রকাশিত এ অ্যালবামে গান রয়েছে ১০টি। নিজের অ্যালবাম প্রসঙ্গে শিল্পী শান্তনু বলেন, ‘ঐতিহ্যবাহী বাংলা গানের ওপর নিরীক্ষা চালিয়ে আমি চেয়েছি তাকে সমকালীন করে তুলতে। আমার দেখা ও অদেখা জীবন এবং আমার চারপাশে দুঃখ-সুখে দোল-দোলানো মানুষকে নিয়েই রচিত হয়েছে আমার বর্তমান অ্যালবামের যত গান।’অসীমের সমকালীন প্রত্নচিহ্ন তরুণ শিল্পী অসীম হালদারের সিরামিক শিল্পকর্মের প্রদর্শনী চলছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। ‘সমকালীন প্রত্নচিহ্ন’ নামের এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৯টি। জাপানের ঐতিহ্যবাহী ‘রাকু’ পদ্ধতিতে কাজ করেছেন অসীম। এই পদ্ধতিতে সিরামিকের চকচকে তৈজসপত্র তৈরি করা হয়। ইদানীং শিল্পকর্মেও পদ্ধতিটি ব্যবহূত হচ্ছে। অসীম রাকু- পদ্ধতিতে সৃষ্টি করেছেন মানব অবয়ব, করোটি, পাখপাখালি, সরা, উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বিভিন্ন ধরনের আকৃতি। ত্রিমাত্রিক এই কাজগুলোতে তিনি প্রকৃতি ও সমাজের সমকালীন বাস্তবতার অভিব্যক্তি শৈল্পিক ব্যঞ্জনায় তুলে ধরেছেন। চারুকলা অনুষদের সিরামিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অসীম হালদার বিএফএতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এখন এমএফএ দ্বিতীয় পর্বে অধ্যয়নরত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রদর্শনী আজ রোববার শেষ হচ্ছে।কণ্ঠশীলনের ‘স্বগত সংলাপ’সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের আয়োজনে নির্বাচিত কবির সুনির্বাচিত কবিতা আবৃত্তির প্রযোজনা ‘স্বগত সংলাপ’ মঞ্চায়িত হলো গতকাল। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কণ্ঠশীলনের ১৪ জন আবৃত্তিশিল্পী বিভিন্ন কবির ১৭টি কবিতা আবৃত্তি করেন। ‘মাতৃভূমির জন্য’ কবিতাটি দিয়ে অনুষ্ঠান শুরু। পর্যায়ক্রমে ‘রাগের ওষুধ’, ‘গো দেওতা কা দেশ’, ‘অপদার্থ’, ‘চিল্কায় সকাল’, ‘এই তো বেশ আছি’, ‘না পাঠানো চিঠি’, ‘গানের আড়াল’, ‘ফরিয়াদ’, ‘বীরাঙ্গনা’, ‘সাধারণ মেয়ে’, ‘চিররূপের বাণী’, ‘বর্ষার দিনে’, ‘বাউল’ আবৃত্তি করেন শিল্পীরা। শেষের কবিতার নির্বাচিত অংশ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অংশ নেন তহমিদ আহমেদ, বিলকিস আহমেদ, নাদিমুল ইসলাম, শিরিন ইসলাম প্রমুখ।শিক্ষার্থীদের পরিবেশনাসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরসপ্তকের শিক্ষার্থী শিশু-কিশোরের সমাগমে গতকাল মুখরিত ছিল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন। এখানে ছিল তাদের প্রতিষ্ঠানের বার্ষিক মঞ্চ পরিবেশনা ও মূল্যায়ন পরীক্ষা। তারা গেয়েছে ‘সে চলে গেছে বলে’, ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’, ‘বাউলা কে বানাইল রে’, ‘কে বিদেশি বন উদাসী’, ‘আমার গানের মালা’, ‘নদীর নাম সই অঞ্জনা’, ‘সত্য সুন্দর নির্মল জীবন’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘মনে যারে চায়’—এসব গান। গেয়েছে কাউসার বেগম, মো. সাইফুল বিন হানিফ, হাবিবুল ইসলাম, তাসনুভা খান, নাফিসা আঞ্জুম, ফাহমিদা বিল্লাহ, ইউসুফ আলী, হানিফুল ইসলাম, ইসরাত জাহান, নিশাদ নূর, মাহিবা মোশারাতসহ অনেকে। বিচারক ছিলেন শিল্পী লীনা তাপসী ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌস আরা।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মেলননিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানিয়েছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গতকাল শনিবার রাজশাহীতে ‘মঞ্চ অভিনেত্রী’-বিষয়ক সেমিনার ও রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে। নগরের পদ্মা মঞ্চে সকালে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে ছিল শোভাযাত্রা। সেমিনার ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।