শান্তি-সম্প্রীতির শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় শিল্পী নিকোলা স্ট্রিপলি তারশিতোর একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করছেন শিল্পী ও অতিথিরা l প্রথম আলো
জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় শিল্পী নিকোলা স্ট্রিপলি তারশিতোর একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করছেন শিল্পী ও অতিথিরা l প্রথম আলো

‘আমি বুঝি না পৃথিবীতে কেন এত জাতিগত বাধা থাকতে হবে? পৃথিবীটা আমাদের। আমাদের একটাই জাতীয়তা, আমরা মানুষ। মানুষই পৃথিবীকে ভাগ করেছে, তারাই পারে একসঙ্গে হয়ে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে।’ গ্যালারির দেয়ালে ‘নিউ ওয়ার্ল্ড নিউ প্যারাডাইস’ নামের ছবিটির পাশে লেখা কথাগুলো। ভৌগোলিক বাধাবিহীন নতুন এক পৃথিবীর ছবিটি এঁকেছেন ইতালির নিকোলাই স্ট্রিপলি। ‘তারশিতো’ নামে পরিচিতি তাঁর। ছবিটির পাশেই বাংলাদেশি কারুশিল্পীদের সুইয়ের ফোঁড়ের কাজ।
গতকাল শনিবার সকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় স্থপতি ও শিল্পী নিকোলাই স্ট্রিপলির শিল্পকর্ম প্রদর্শনী ‘সউল টু সউল: এ ভয়েজ অব ডিসকভারি থ্রু দ্য থ্রেডস অব বেঙ্গলি এমব্রয়ডারি’। প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের শিল্পবোধকে উপলব্ধি করে তারশিতো যে নতুন ধারার শিল্প তৈরি করেছেন, সেটি তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। এই কাজ সবাইকে মুগ্ধ করবে আমার বিশ্বাস।’ বিশেষ অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।
কালো পাঞ্জাবি গায়ে প্রদর্শনীতে এসেছিলেন আনন্দিত তারশিতো। ‘পিলগ্রিমেজ’, ‘নিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্ল্ড’ শিল্পকর্মগুলোতে গ্রামীণ কারুশিল্পীদের সূচিকর্মের সঙ্গে ফিউশন করেছেন তিনি। প্রতিটি শিল্পকর্মই বলছে শান্তি-সম্প্রীতির কথা। প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। জানিয়েছেন, ভালোবাসা, সম্প্রীতি ও মানবতাবোধ তাঁর কর্মের মূল কথা।