শান্তিনিকেতনে গীতাঞ্জলি রেল সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের প্রবেশদ্বার বীরভূমের বোলপুর রেলস্টেশনের পাশে নতুন করে সাজছে ‘গীতাঞ্জলি রেল সংগ্রহশালা’। রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষ ঘিরে বোলপুরের এই সংগ্রহশালাকে উন্নয়ন করার উদ্যোগ নেন। বোলপুর রেলস্টেশনের পাশেই রয়েছে রবীন্দ্রনাথের ট্রেনে করে কলকাতায় যাওয়ার শেষ যাত্রার সেই ঐতিহাসিক ট্রেনের ‘চিরন্তনী’ কামরাটি। গীতাঞ্জলি সংগ্রহশালা দ্বিতল ভবন। ১৯ হাজার বর্গফুট জায়গা। জানা গেছে, আগামী আগস্ট মাসে উদ্বোধন করা হবে এই সংগ্রহশালা। সংগ্রহশালার নিচতলায় থাকবে ‘চিরন্তনী’ কামরা, কবিগুরুর শেষ যাত্রার নানা তথ্য ও আলোকচিত্র। আর দোতলায় থাকবে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে নানা তথ্য, কবিগুরুর আঁকা ছবি, পাণ্ডুলিপি, কবিগুরুর রেল ভ্রমণের নানা ছবিসহ গান এবং ভিডিওচিত্র দেখানোর জন্য হলরুম।